Modi on Congress: ‘মুসলিম লিগ-মাওবাদী’ বলে কটাক্ষ, কংগ্রেসে বড় বিভাজনের দাবি মোদীর – Bengali News | Narendra Modi claims, Congress to be divided soon
নয়া দিল্লি: বক্তব্যের শুরুর দিকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, “বিহারে গিয়ে যখন জঙ্গলরাজের কথা বলতাম, তখন আরজেডি বিচলিত হত না। কিন্তু কংগ্রেসের খুব গায়ে লাগত।” এরপরই কংগ্রেসের ফলাফলের কথা উল্লেখ করেন তীব্র কটাক্ষ করেন মোদী। কংগ্রেসকে ‘মুসলিম লিগ-মাওবাদী’ বলে কটাক্ষ করেন তিনি।
হিসেব দিয়ে মোদী বলেন, “উত্তর প্রদেশে চার দশক, পশ্চিমবঙ্গে পাঁচ দশকেও কংগ্রেস ফেরেনি। গত তিন লোকসভা নির্বাচনে কংগ্রেস তিন অঙ্কেও পৌঁছতে পারেনি। ২০২৪-এর লোকসভা নির্বাচনের পর ৬ রাজ্যে বিধানসভা ভোট হয়েছে। একটাতেও ১০০ পার করতে পারেনি কংগ্রেস।”
কটাক্ষ করে হাসতে হাসতে প্রধানমন্ত্রী বলেন, “বিহারে বিজেপির যত প্রার্থী জিতেছে, গত ৬টা ভোটেও কংগ্রেসের অত প্রার্থী জেতেনি। কংগ্রেসের রাজনীতির আধার হল নেগেটিভ পলিটিক্স। কখনও বলছে চৌকিদার চোর। কখনও সংসদের সময় নষ্ট করছে। সব প্রতিষ্ঠানকে আক্রমণ করছে। মানুষকে জাতির নিরিখে ভাগ করছে। কংগ্রেসের কাছে দেশের জন্য কোনও ইতিবাচক ভিশন নেই।”
মোদীর দাবি, কংগ্রেসের রাজনীতি কংগ্রেসের অনেক সদস্যই পছন্দ করে না। এই প্রসঙ্গেই তিনি বলেন, “আজ কংগ্রেস মুসলিম লিগি মাওবাদী কংগ্রেস তৈরি হয়েছে। এটা এমএমসি। এই কংগ্রেসের অ্যাজেন্ডা এর উপরেই চলে। আজ কংগ্রেসের অন্দরেও আলাদা ভাগ তৈরি হচ্ছে, যারা নেতিবাচক রাজনীতিতে বিরক্ত। আমার আশঙ্কা, আগামিদিনে কংগ্রেসের একটা বড় বিভাজন তৈরি হবে।”
কংগ্রেস নাকি সহযোগী দলগুলির ভোটব্যাঙ্ক টেনে জিততে চাইছে, এমন দাবিও করেছেন নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, “কংগ্রেস পরজীবী দল। এরা সহযোগীদের ভোটব্যাঙ্ক নিয়ে জিততে চায়। কংগ্রেসের থেকে সাবধান থাকুন। আজ বিহারে আরজেডির শিক্ষা হয়েছে। বিহারে র ভোটের সময়ই বলেছিলাম, আরজেডি আর কংগ্রেসের দ্বন্দ্ব শীঘ্রই সামনে আসবে।”