BJP Worker Assaulted: ফিল-আপ করে দিতেন SIR-ফর্ম! ত্রাতা হয়ে ‘ঘরছাড়া’ বিজেপি কর্মী – Bengali News | BJP Worker Meghnad Das Assaulted in Kolkata; Alleges Attack by Trinamool Backed Goons
আক্রান্ত মেঘনাদ দাসImage Credit: নিজস্ব চিত্র
কলকাতা: শহরে আতঙ্কে ঘরছাড়া বিজেপি কর্মী। তৃণমূল ‘আশ্রিত দুষ্কৃতীদের’ দিকেই দায় ঠেললেন তিনি। চড়ল সংঘাতের রাজনীতি। কিন্তু কী এমন ঘটেছে ওই বিজেপি কর্মীর সঙ্গে? নাম মেঘনাদ দাস। তিনি পেশায় ব্যবসায়ী। প্রগতি ময়দান থানা এলাকার বাসিন্দা। তৃণমূলের বিরুদ্ধে মারধর করার অভিযোগ তুলেছেন মেঘনাদ।
কী কারণে বিবাদ?
রাজ্য়জুড়ে শুরু হয়েছে ভোটার তালিকার নিবিড় পরিমার্জনের কাজ। আর এই আবহে বঙ্গে রাজনৈতিক পারদও একেবারে তুঙ্গে। কোথাও আক্রান্ত হয়েছেন বিএলও-রা। কোথাও বা আক্রান্ত হয়েছে বিজেপির বিএলএ ২-রা। তুলনামূলক ভাবে সকলেরই অভিযোগের তির রাজ্যের শাসকদলের দিকে। এবার সেই আবহেই আক্রান্ত শহরের এক বিজেপি কর্মীও। তিনি বিএলএ নন, কিন্তু এসআইআর-এর সঙ্গে পরোক্ষ ভাবে যুক্ত।
বাংলায় নিবিড় পরিমার্জনের কাজ শুরু হতেই মানুষের মধ্যে সংশ্লিষ্ট প্রক্রিয়া নিয়ে সচেতনতা তৈরিতে তৎপর হয়েছেন তিনি। এসআইআর সংক্রান্ত বিষয়ে এলাকা মানুষের কোনও সমস্যা বা অসুবিধা তৈরি হলে ত্রাতা হিসাবে পৌঁছে যাচ্ছিলেন তিনিই। বুঝিয়ে দিচ্ছিলেন কীভাবে ফিল-আপ করা হবে ফর্ম, দিতে হবে কী কী নথি।
মেঘনাদের অভিযোগ, ত্রাতার ভূমিকা পালন করে স্থানীয় তৃণমূল নেতা-কর্মীদের আক্রোশের মুখে পড়তে হয়েছে তাঁকে। আক্রান্ত বিজেপি কর্মীর কথায়, ‘আমাকে অনেকে এসআইআর নিয়ে জিজ্ঞাসা করে, আমি তাঁদের সাহায্য় করি। আমার মনে হয়, সেই কারণেই হামলা চালিয়েছে। আমি তো অনেকদিন ধরেই বিজেপি করি। হঠাৎ করে এখন আক্রমণের তো কোনও কারণ থাকতে পারে না।’
কিন্তু কারা হামলা চালাল? মেঘনাদ দাসের অভিযোগ, এলাকার অন্যতম ‘দুষ্কৃতী’ এবং তৃণমূল কর্মী দীপক হালদার ওরফে হাঁসুর দলবল এই হামলা চালিয়েছে। বিজেপি কর্মীর কথায়, ‘হাঁসু একটা কালো গাড়ি চেপে এসে আমার দোকানের সামনে দাঁড়ায়। ওঁ নামেনি। সঙ্গে ২০-৩০ জন ছিল। আমি ওঁদের দেখে বিশেষ গুরুত্ব দিইনি। নিজের বাড়ির দিকে যাচ্ছিলাম। কিন্তু ওরা মাঝরাস্তা থেকে আমাকে টেনে আনে, মারধর করে। ঘুঁষি মেরেছে।’ এটা প্রথম নয়, এর আগেও একবার রাত দু’টোর সময় ঘরছাড়া করেছিল তাঁকে। বিজেপি করার অভিযোগে তাঁকে মারধর করেছিল এই হাঁসু ও তাঁর অনুগামীরা। ইতিমধ্যেই স্থানীয় প্রগতি থানায় একটি অভিযোগ দায়ের করেছেন মেঘনাদ। আপাতত এই ঘটনায় স্থানীয় তৃণমূল নেতার কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।