ফের অসুস্থ ধর্মেন্দ্র, রয়েছেন ভেন্টিলেশনে – Bengali News | Film icon dharmendra on ventilator support
ফের গুরুতর অসুস্থ বলিউড অভিনেতা ধর্মেন্দ্র। সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, সোমবার বলিউডের এই বর্ষীয়ান অভিনেতাকে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে আইসিইউতে রাখা হয়েছে। জানা গিয়েছে, এই মুহূর্তে তাঁকে রাখা হয়েছে ভেন্টিলেশনে। ধর্মেন্দ্রর চিকিৎসার জন্য আলাদা মেডিক্যাল বোর্ডও তৈরি করা হয়েছে। এই মুহূর্তে অভিনেতা রয়েছেন চিকিৎসকদের কড়া নজরে।
আগামী ডিসেম্বর মাসে ৯০ বছরে পা রাখবেন ধর্মেন্দ্র। ৯০ বছর বয়স হলেও, বলিউডে এখনও দাপটের সঙ্গে কাজ করে চলেছেন। জয়া বচ্চন ও শাবানা আজমির সঙ্গে জুটি বেঁধে করণ জোহরে রকি অউর রানি কি প্রেমে কাহানি ছবিতে তো তাঁর অভিনয় সিনেমার পর্দায় ম্যাজিক তৈরি করেছিল। এমনকী, সদ্য প্রকাশ্যে এসেছে তাঁর ইক্কিস ছবির ঝলক। যেখানে ধর্মেন্দ্রকে বোঝাই যায় না তাঁর নব্বই বছর বয়স। তারই মাঝে খবরে এল ধর্মেন্দ্র হাসপাতালে।
ধর্মেন্দ্রর পরিবারের তরফ থেকে এখনও পর্যন্ত কোনও মন্তব্য প্রকাশ করা হয়নি। কয়েকদিন আগেই শ্বাসকষ্ট হওয়ার কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। অবস্থা স্থিতিশীলই ছিল। তবে সোমবার শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছে বলে খবর।