Malda: SIR আবহেই জাল জন্ম শংসাপত্র, ডেথ সার্টিফিকেট দেওয়ার চক্রের হদিশ, গ্রেফতার প্রধান ঘনিষ্ঠ TMC নেতা – Bengali News | Malda sir SIR Abhei traces of fake birth certificate, death certificate ring, arrested close to main TMC leader
মালদহে ভুয়ো শংসাপত্র চক্রের হদিশ Image Credit: TV9 Bangla
মালদহ: এসআইআর-এর আবহেই জাল জন্ম, মৃত্যু, স্কুল, জাতিগত সার্টিফিকেট-সহ বিভিন্ন সরকারি জাল সার্টিফিকেট, জাল নথি তৈরির চক্রের হদিশ। গ্রেফতার প্রধানের ঘনিষ্ঠ তৃণমূল কর্মী, যাঁর স্ত্রী আবার সিভিক ভলেন্টিয়র। মালদহের রতুয়া থানার পুলিশের অভিযানে ফাঁস হল এই জাল নথি,সার্টিফিকেট তৈরির চক্র। রতুয়া-১ ব্লকের চাঁদমুণি-২ গ্রাম পঞ্চায়েতের আন্ধারু গ্রাম থেকে বিপুল পরিমাণ সরকারি নথি ও সিলমোহর উদ্ধার হয়েছে। ঘটনায় ধৃত দু’জন—আব্দুল খালেক ওরফে বুলেট (৪০) এবং তার ভাইপো শাহরুখ খান (৩৫)।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া ২৯টি সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সিলের মধ্যে রয়েছে সামসি ও চাঁদমনি-২ গ্রাম পঞ্চায়েত, শ্রীপুর অঞ্চল হাই স্কুল, মিলনগড় ও বাটনা হাই মাদ্রাসার সিল। পাশাপাশি উদ্ধার হয়েছে ট্রান্সফার সার্টিফিকেট, মার্কশিট, জন্মসনদ ও একটি কম্পিউটার প্রিন্টার। বাড়ির পেছনের জলাশয়ের ধারে আরও উদ্ধার হয়েছে সরকারি নথি ও একাধিক সিল।
তদন্তে উঠে এসেছে, ‘রাজা কম্পিউটার’ নামে দোকানেই তৈরি হত এইসব জাল নথি। প্রথমে দোকানের মালিক শরিফ খানকে গ্রেফতার করে পুলিশ। তাঁর জেরায় মূল চক্রের আরও এক সদস্যের নাম উঠে আসে। বর্তমানে দু’জনকেই পুলিশি হেফাজতে রাখা হয়েছে।
স্থানীয় সূত্রের দাবি, ধৃত আব্দুল খালেক তৃণমূল কংগ্রেসের কর্মী এবং চাঁদমনি-২ গ্রাম পঞ্চায়েতের প্রধানের ঘনিষ্ঠ। তাঁর স্ত্রী সামসি পুলিশ ফাঁড়িতে সিভিক ভলেন্টিয়র হিসেবে কর্মরত। তবে রাজনৈতিক যোগের বিষয়ে দলের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।
রতুয়া থানার আইসি মানবেন্দ্র সাহা বলেন, “ঘটনার উৎস ও জাল নথিগুলির ব্যবহার কোথায় হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।”