Explained: আবার একটা পহেলগাঁও? ট্রেনিং দিচ্ছে পাকিস্তান – Bengali News | Pakistan Backs ISIS K Attacks on Kabul, Eyes India
অপারেশন সিঁদুর-এ নাস্তানাবুদ হয়েও লজ্জা নেই। ফের জম্মু-কাশ্মীরকে অশান্ত করতে নয়া ছক কষছে পাকিস্তান। ইসলামিক স্টেট খোরসান প্রভিন্স বা ISKP জঙ্গিদের প্রশিক্ষণের জন্য চারটি বিশেষ শিবির বা ক্যাম্প গড়েছে পাকিস্তান। সেখানেই এই জঙ্গিদের অস্ত্র, বোমা, আত্মঘাতী বিস্ফোরণের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। পাকিস্তান থেকে প্রথমে আফগানিস্তান ও পরে সেখান থেকে কাশ্মীরে এই জঙ্গিদের ঢোকানোর ছক কষছে পাকিস্তান। আফগানিস্তানের সঙ্গে সংঘর্ষ শুরু হওয়ার পর থেকেই পাকিস্তান ও ইসলামিক স্টেট জঙ্গিরা কাছাকাছি আসতে শুরু করেছে। আফগান তালিবানরা দুজনেরই শত্রু। তাদের উপরে হামলা করতেই প্রাথমিকভাবে ইসলামিক স্টেট জঙ্গিদের বিশেষ ট্রেনিং দিচ্ছে ইসলামাবাদ।

কেন্দ্রীয় গোয়েন্দাদের সন্দেহ, পাকিস্তানের চারটি গোপন লোকেশনে অন্তত এক হাজার ইসলামিক স্টেট জঙ্গিদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রথমে আফগানিস্তানে হামলা ও পরে ভারতে ওই জঙ্গিদের ঢোকানোর ছক কষছে পাক গুপ্তচর সংস্থা ISI। কেন্দ্রীয় গোয়েন্দাদের আশঙ্কা, এই জঙ্গিদের আত্মঘাতী বিস্ফোরণের জন্য বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। পাক সেনার বড়কর্তারা এই প্রশিক্ষণ দিচ্ছে। বেশ কয়েকজন পাক সেনা ভারতের ‘অপারেশন সিঁদুর’-এর পর ভয়ে এই সব জঙ্গি শিবিরে আসতে চাইছে না। তাদের জায়গায় কট্টরপন্থী প্রাক্তন সেনাকর্তাদের এনে এই শিবির পরিচালনা করছে ISI, বলছে কেন্দ্রীয় এজেন্সি। যে পাকিস্তান বারবার দাবি করে এসেছে, তাদের মাটিতে কোনও IS জঙ্গি শিবির নেই, সেখানে যে আদতে জঙ্গি চাষ হচ্ছে, সেই চক্রান্তই এবার প্রকাশ্যে চলে এল।
সূত্রের খবর, ইতিমধ্যেই বেশ কয়েকজন ইসলামিক স্টেট জঙ্গিকে চোরাগোপ্তা বালোচিস্তান ও খাইবার পাখতুনখোয়ার ক্যাম্পে পাঠিয়েছে পাকিস্তান। যুদ্ধক্ষেত্রে তালিবানদের মোকাবিলা করতে গেরিলা লড়াইয়ের প্রশিক্ষণও দেওয়া হচ্ছে। ইসলামিক স্টেটের জঙ্গিরা শুরু থেকেই তালিবান বিরোধ। এখন পাকিস্তানের সঙ্গে সংঘর্ষের সুযোগে, ইসলামাবাদের মদতে তারা কাবুলের দখল নিতে চায়। নির্লজ্জ পাকিস্তানও তাদের সেই কাজেই সাহায্য করছে। সম্প্রতি আফগানিস্তানের নিরাপত্তারক্ষীদের হাতে ‘মহম্মদ’ নামের এক ইসলামিক স্টেট্ জঙ্গি ধরা পরতেই ইসলামাবাদের এই চক্রান্ত ফাঁস হয়ে গেছে। জেরায় ধৃত জঙ্গি আফগান সেনাকে জানিয়েছে, পাক গুপ্তচর সংস্থা ISI তাকে জাল পরিচয়পত্র বানিয়ে আফগানিস্তানে অনুপ্রবেশ করিয়েছে। জেরায় ধৃত জঙ্গি আরও জানিয়েছে, পাকিস্তানে ইসলামিক স্টেট জঙ্গিদের প্রশিক্ষণ শিবির চলছে জোরকদমে। কোয়েট্টার এক শিবিরে ধৃত মহম্মদের প্রশিক্ষণ হয়েছে। ওই সব শিবিরে জঙ্গিদের মগজধোলাই ও অস্ত্র প্রশিক্ষণ চলে সমানতালে। জঙ্গিদের আফগানিস্তানে ঢোকাতে ISI এজেন্টরাই জাল আইডি কার্ড বানিয়ে দেয়। তোরখাম সীমান্তে ধৃত জঙ্গির তে বিস্ফোরক স্বীকারোক্তি, আফগানিস্তানের পাশাপাশি ভারতেও নাশকতার ছক ছিল তাদের। জেরায় ধৃত IS জঙ্গি জানিয়েছে, ভারতেও ‘খিলাফৎ’ প্রতিষ্ঠাই তাদের লক্ষ্য ছিল।

কেন্দ্রীয় গোয়েন্দাদের সন্দেহ, যেহেতু ISI এই জঙ্গিদের অস্ত্র ও অর্থ দিয়ে সাহায্য করছে, তাই সুযোগ বুঝে কাশ্মীরে এই জঙ্গিদের সুকৌশলে ঢুকিয়ে নিজেদের নেটওয়ার্ক পোক্ত করছে চাইছে পাকিস্তান। একদিকে জইশ আর লস্কর, অন্যদিকে নয়া ইসলামিক স্টেট জঙ্গিদের ভূস্বর্গে ঢুকিয়ে ত্রিমুখী জঙ্গি ফলায় ভারতের মাটিকে রক্তাক্ত করছে চাইছে ISI। পাকিস্তান জুড়েই জঙ্গিদের বড় নিয়োগ শিবির চলছে। নিত্যপ্রয়োজনীয় সুযোগ সুবিধা, বেতন, পরিবারকে অর্থ সাহায্যের লোভ দেখিয়ে ধর্মের আড়ালে আয়োজিত এই শিবিরগুলোতে লোক টানছে পাকিস্তান। চলছে তীব্র ভারত-বিরোধী বিদ্বেষ তৈরির চক্রান্ত। পেটে ভাত নেই, চাকরি নেই, আটা-দুধ মহার্ঘ্য। তাই দুবেলা দুমুঠো খাবারের লোভে পুরুষদের পাশাপাশি মহিলারাও এই জঙ্গি শিবিরে নাম লেখাচ্ছে। মহিলাদের নিয়ে আলাদা আত্মঘাতী ব্রিগেড-ও গড়ছে জইশ। কেরল থেকেও অন্তত ২১ জন ইসলামিক স্টেট জঙ্গি শিবিরে নাম লিখিয়েছে। পরে এদেরই ভারতে ঢুকিয়ে নাশকতার ছক পাকিস্তানের।