Computer Teachers: ২ বছর কোনও বেতন পাননি এই শিক্ষকরা, নামলেন রাস্তায় – Bengali News | Madrasa computer teachers of Madrasa agitates as not getting salary for 2 years
কলকাতা: ২১ মাস ধরে বেতনহীন! বঞ্চনার শিকার কম্পিউটার শিক্ষকরা। স্থায়ীকরণের দাবিতে আগেই সরব হয়েছিলেন তাঁরা। তবে স্থায়ীকরণ তো দূরের কথা, মাসে মাসে বেতনও পাচ্ছেন না তাঁরা। তাই এবার রাস্তায় নেমে বিক্ষোভ দেখালেন সেই শিক্ষকরা। রাজ্য সরকারর বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুলে সরব হয়েছেন তাঁরা। সোমবার করুণাময়ী থেকে মিছিল করে মাদ্রাসা বোর্ডের সামনে গিয়ে বিক্ষোভ দেখান তাঁরা। বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে সেখানে।
এই বিক্ষোভকারীরা হলেন আইসিটি কম্পিউটার শিক্ষক। ২০১৮ সালের ১৩ অগস্ট পশ্চিমবঙ্গের ১৬৯টি সিনিয়র হাই মাদ্রাসায় ‘ওয়েবেল’-এর মাধ্যমে চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষক নিয়োগ করা হয়েছিল। রাজ্য সরকারের উদ্যোগে ওই নিয়োগ করা হয়। ২০২১ সালে বিধানসভা ভোটের আগে পাঁচ হাজারের বেশি স্কুলে আইসিটি কম্পিউটার শিক্ষকদের স্থায়ীকরণ করা হয়। সেগুলি সবই হাইস্কুল। কিন্তু মাদ্রাসায় কর্মরত আইসিটি কম্পিউটার শিক্ষকদের এখনও পর্যন্ত স্থায়ী করা হয়নি বলে অভিযোগ।
শুধু তাই নয়, পশ্চিমবঙ্গ সরকারের অধীনে থাকা ওই হাই মাদ্রাসা এবং সিনিয়র মাদ্রাসায় কর্মরত আইসিটি কম্পিউটার শিক্ষকদের টানা ২১ মাস ধরে বেতন দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ উঠেছে। অথচ রাজ্যের স্কুলগুলোতে এই প্রকল্পের আওতায় নিয়োজিত কম্পিউটার শিক্ষকরা নিয়মিত বেতন পাচ্ছেন। কেন তাঁরা ২১ মাস ধরে বেতন পাচ্ছেন না, সেই দাবি তুলে মাদ্রাসা বোর্ডের সামনে বিক্ষোভ দেখালেন আইসিটি কম্পিউটার শিক্ষকরা।
আব্দুল্লাহ সোহেল মামুন নামে এক বিক্ষোভকারী বলেন, “হাইস্কুলে স্থায়ী কম্পিউটার শিক্ষকদের স্থায়ী করে দেওয়া হল অথচ মাদ্রাসায় ২ বছর বেতনই দেওয়া হয়নি। ফাইল এখান থেকে ওখানে ঘোরাচ্ছে। রাজ্য় সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাই।”