SIR in Bengal: একটা অ্যাপেই সব সমাধান, SIR নিয়ে দূর হবে মনের ‘অন্ধকার’ – Bengali News | Connecting with Your BLO: First Step to Navigating the SIR Process
কলকাতা: বুথের বিএলও-র সঙ্গে যোগাযোগ রয়েছে? কেউ কেউ ইতিবাচক উত্তর দিলেও, একটা বড় অংশ কিন্তু জানেন না, তাঁদের বুথের বিএলও কে? এদিকে কমিশন বলছে, এই বিএলও-রাই একেবারে তৃণমূল স্তরের কর্মী। এসআইআর-র কাজ শুরু হলেই তাঁরা যাবেন বাড়ি-বাড়ি। দেবেন ফর্ম, নেবেন তথ্য। এমনকি, একাংশের ভোটারদের মনে তৈরি হওয়া SIR সংশয় দূর করবেন এই বিএলওরাই। কিন্তু তাঁর সঙ্গে যোগাযোগ করবেন কীভাবে?
SIR-সংশয়
একাংশের কাছে SIR প্রক্রিয়ার ঘোষণা প্রতীক্ষার অবসান। একাংশের কাছে আতঙ্কের সময়। SIR নিয়ে গত ৭২ ঘণ্টায় সেই আতঙ্কের নজির নানা পর্বেই ধরা পড়েছে। কেউ SIR-র সঙ্গে জুড়ে দিয়েছে উত্তর ২৪ পরগনার বৃদ্ধ বাসিন্দা প্রদীপ করের আত্মহত্য়ার ঘটনা। কেউ আবার জুড়ে দিয়েছে সাবেক ছিটমহলবাসীর উদ্বেগের ছবি। বাংলায় SIR প্রক্রিয়া ঘোষণার দিন কয়েকের মাথায় সেটিকে ঘিরে ধরেছে চিন্তা, উদ্বেগ, আতঙ্ক। এই পরিস্থিতিতে এই সব মাথা থেকে বের করার উপায় কি? রয়েছে দু’টো পথ। প্রথমটি হল সংশ্লিষ্ট বুথের বিএলও-র সঙ্গে যোগাযোগ। দ্বিতীয় হল কমিশনের হেল্পলাইন।
কীভাবে যোগাযোগ করবেন?
প্রথম বিএলও-দের প্রসঙ্গে আসা যাক। এই বিএলও-দের সঙ্গে যোগাযোগ করার পথ কমিশনই দেখিয়ে দিয়েছে। সবার হাতেই একটা স্মার্ট ফোন রয়েছে। প্রথমে একটি অ্যাপ ইনস্টল করতে হবে। নাম ECINET। প্লে স্টোরেই মিলে যাবে। এরপর অ্যাপে ঢুকে নিজের ফোন নম্বর দিয়ে রেজিস্টার করে নিতে হবে। তারপর সেখানে থাকা একাধিক অপশনের মধ্য়ে ক্লিক করতে হবে ‘Book a Call With BLO’।
এই অপশনটিতে ক্লিক করার পর ভোটারকে প্রদান করতে হবে তাঁর এপিক নম্বর। সেই নম্বর লিখে সাবমিট করলেই সংশ্লিষ্ট বুথের বিএলও-র নাম। এবার তাঁর সঙ্গে যদি যোগাযোগ করার প্রয়োজন হয়, তা হলে নীচে মোবাইল নম্বর দিয়ে ‘সেন্ড ওটিপি’তে ক্লিক করলেই হয়ে যাবে কাজ। কিছুক্ষণেই চলে আসবে বিএলও-র ফোন।
দ্বিতীয় পথও রয়েছে
বিএলও-দের সঙ্গে যোগাযোগ করতে দ্বিধা হচ্ছে? সরাসরি যোগাযোগ করা যেতে পারে কমিশনের প্রতিনিধিদের সঙ্গেও। সম্প্রতি SIR নিয়ে মানুষের মনে তৈরি হওয়া সংশয় দূর করতে একটি হেল্পলাইন নম্বর চালু করেছে কমিশন। ১৮০০-১১-১৯৫০ এই নম্বরে দেশের যে কোনও রাজ্য় বা কেন্দ্রশাসিত অঞ্চল থেকে ফোন করা যেতে পারে। আঞ্চলিক ভাষাতেই কথা বলবেন কমিশনের প্রতিনিধিরা। দূর করবেন SIR নিয়ে তৈরি হওয়া মনের ‘অন্ধকার’।