Jalpaiguri News: কে কে গাঁজা-ব্রাউন সুগার বিক্রি করছে? ধরে ধরে নাম বললেন তৃণমূল নেতা – Bengali News | In Jalpaiguri tmc leader warns who will sale drugs in jalpaiguri
জলপাইগুড়ি: এবার তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে হুঁশিয়ারি গিলেন তৃণমূল নেতা। তৃণমূল করবেন, আবার মাদক বিক্রি করবেন এটা চলবে না। যদি কোনও তৃণমূল নেতা বা কর্মী মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকেন তবে তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে। তাঁকে জেলে যেতে হবে। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করার হুমকি দিলেন তৃনমূল নেতা তথা জলপাইগুড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়। এমনকী, মাইক হাতে নিয়ে নামও বলে দিলেন কে কে এই ধরনের গাঁজা বিক্রি করছেন।
শুক্রবার দুপুরে জলপাইগুড়ি পুরসভার ১২ নং ওয়ার্ডে যান সৈকত। সেখানে গিয়েই এই হুমকি দিয়েছেন তিনি। মূলত, এই ওয়ার্ডটি মাদক ব্যবসার আঁতুড় ঘর হিসাবে পরিচিত। মাঝে মধ্যেই পুলিশ গিয়ে এখানে তল্লাশি চালায়। এবার সেখানে পৌঁছেই সরাসরি হুমকি তৃণমূল নেতার।
উল্লেখ্য, জলপাইগুড়ি শহরে বেড়েছে ব্রাউন সুগার সহ অন্যান্য মাদকের কারবার। আর এই মারণ নেশা রুখতে জলপাইগুড়ি পৌরসভার উদ্যোগে মাদক বিরোধী কমিটি গড়েছেন ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়। পৌরসভার কাউন্সিলর এবং শহরের বিভিন্ন ক্লাবের সদস্যদের নিয়ে তৈরি হয়েছে এই অরাজনৈতিক মঞ্চ।
পাড়ায় পাড়ায় গিয়ে দিনে ও রাতে শুরু হয়েছে সচেতনতা প্রচার। সচেতনতা মূলক লিফলেট বিলি করা হচ্ছে। মাদকদ্রব্য রুখতে দেওয়া হয়েছে টোল ফি নম্বর। পাশাপাশি করা হয়েছে কাউন্সেলিং এর ব্যবস্থা। তা নিয়ে সচেতনতা প্রচারের আজ তৃতীয় দিনে জলপাইগুড়ি জয়ন্তী পাড়ায় এই প্রচার করা হয়।
সৈকত বলেন, “এতদিন ধরে আমরা মাদক সচেতনতা তৈরি করেছিলাম। আমাদের কাছে তথ্য কারা কারা ব্রাউন সুগার, ইয়াবা ট্যাবলেট বিক্রি করছেন। এটাও তথ্য আছে কারা গাঁজা বিক্রি করছেন। বাপি ঘোষ আর মিরিন্ডা সচেতন হয়ে যাও ব্রাউন সুগারের ব্যবসা বন্ধ কর।” তিনি আরও বলেন, “এই সব ড্রাগ নিয়ে ডাকাতি, খুন সব করছে। এটা চলতে পারে না। সাধারণ মানুষকে বলব আমাদের দেওয়া নম্বরে যোগাযোগ করুন। আর আমাদের তথ্য দিন। নাম-ঠিকানা প্রকাশ করব না।”