LPG Cylinder Price cut: নভেম্বর মাসের ১ তারিখেই কমে গেল LPG সিলিন্ডারের দাম, এবার কত খরচ পড়বে রান্নার গ্যাস কিনতে? – Bengali News | LPG Price Cut: LPG Cylinder Becomes Cheaper as Oil Marketing Companies Cut LPG Prices, Now How much will it cost to Buy LPG Cylinder
কত দাম কমল রান্নার গ্যাসের?Image Credit: PTI
নয়া দিল্লি: মাসের প্রথমদিনেই দারুণ খবর। খরচ কমল সাধারণ মানুষের। কমে গেল রান্নার গ্যাসের দাম। গত মাসে দাম বাড়লেও, নভেম্বর মাসের প্রথম দিনেই ১৯ কেজির এলপিজি সিলিন্ডারের (LPG Cylinder Price) দাম সামান্য কমল। আজ থেকেই এই নতুন দাম কার্যকর হবে। এবার থেকে ১৯ কেজির এলপিজি গ্যাস কিনতে খরচ পড়বে, জেনে নিন-
প্রতি মাসের শুরুতেই দেশের অয়েল মার্কেটিং সংস্থাগুলি বিশ্ব বাজারে পেট্রোলিয়াম পণ্যের দামের তুল্যমূল্য বিচার করে এবং সেই অনুযায়ী পর্যালোচনা করে দেশে এলপিজি সিলিন্ডারের দাম বাড়ায় বা কমায়। এবারও তার ব্যতিক্রম হয়নি। বিশ্ব বাজারের দাম পর্যালোচনা করেই ভারতের অয়েল মার্কেটিং সংস্থাগুলি ১৯ কেজির এলপিজি সিলিন্ডারের দাম কমাল।
ইন্ডিয়ান অয়েলের (IOCL) ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, নভেম্বর মাসের ১ তারিখে ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম সাড়ে ৪ থেকে সাড়ে ৬ টাকার কমেছে। দিল্লি এবং মুম্বইতে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম প্রতি সিলিন্ডারে ৫ টাকার কমেছে। বর্তমানে দিল্লি ও মুম্বইতে ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম হল যথাক্রমে ১,৫৯০ টাকা ৫০ পয়সা এবং ১,৫৪২ টাকা হয়েছে।
কলকাতাতেই বাণিজ্যিক সিলিন্ডারের দাম সবথেকে কমেছে। সিলিন্ডার পিছু সাড়ে ৬টাকা কমেছে এলপিজি সিলিন্ডারের দাম। কলকাতায় এখন ১৯ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ১,৬৯৪ টাকা। চেন্নাইতে সাড়ে ৪ টাকা দাম কমে নতুন দাম হয়েছে ১,৭৫০ টাকা।
তবে গৃহস্থের বাড়িতে ব্যবহার হওয়া ১৪.২ কেজির সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন হয়নি। কলকাতায় ১৪.২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম রয়েছে ৮৭৯ টাকা। দিল্লিতে এই সিলিন্ডারের দাম ৮৫৩ টাকা। মুম্বইতে ৮৫২ টাকা ৫০ পয়সা ও চেন্নাইতে ৮৬৮ টাকা ৫০ পয়সা দাম রয়েছে গৃহস্থের বাড়িতে ব্যবহৃত এলপিজি সিলিন্ডারের। শেষবার ৮ এপ্রিল ১৪.২ কেজির রান্নার গ্যাসের দাম পরিবর্তন হয়েছিল। সেই সময় ৫০ টাকা দাম বেড়েছিল ১৪.২ কেজির এলপিজি সিলিন্ডারের।