একবার ডাল পঞ্চরত্ন খেলে, অন্য ডাল মুখেও রুচবে না - Bengali News | Try this special daal recipe at your home - 24 Ghanta Bangla News
Home

একবার ডাল পঞ্চরত্ন খেলে, অন্য ডাল মুখেও রুচবে না – Bengali News | Try this special daal recipe at your home

মোটামুটি ডাল প্রতিটি বাঙালি বাড়িতেই তৈরি হয়। অনেকের তো ডাল ছাড়া খাওয়াই চলে না। তবে রোজ রোজ একই রকম ডাল খেয়ে, বোর না হয়ে, তৈরি করতে পারেন ডাল পঞ্চরত্ন। মা-ঠাকুমারা স্বাদ বদলাতে এমন ডাল তৈরি করতেন। যা কিনা গরম গরম ভাতের সঙ্গে দারুণ লাগে। ইচ্ছা করলে এই ডাল পরোটা বা রুটির সঙ্গেও খেতে পারেন। জেনে নিন ডাল পঞ্চরত্নর সহজ রেসিপি।

যা যা লাগবে—

মুগ ডাল ২ টেবিল চামচ, মুসুর ডাল ২ টেবিল চামচ, অড়হর ডাল ২ টেবিল চামচ, ছোলার ডাল ২ টেবিল চামচ, মটর ডাল অথবা কলাই ডাল ২ টেবিল চামচ, ঘি ৪ টেবিল চামচ, হলুদ ১ চা চামচ, ধনেগুঁড়ো ১ চা চামচ, আদাবাটা ১ টেবিল চামচ, নুন, চিনি, তেজপাতা ২টি, শুকনো লঙ্কা ২টি, কুচোনো পেঁয়াজ বড়ো ২টি, কুচানো টম্যাটো ২টি, গরমমশলা গুঁড়ো ১ চা চামচ, ধনেপাতা কুচি ১ টেবিল চামচ, কাঁচালঙ্কা ৩টি।

এভাবে তৈরি করুন—

সব ডাল একসঙ্গে নিয়ে ঘণ্টা দুই জলে ভিজিয়ে রাখুন। ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রাখবেন। প্রেশার কুকারে ঘি গরম করে তাতে তেজপাতা ও শুকনো লঙ্কা ভেজে, জিরে ও পাঁচফোড়ন দিন। ফোড়নের গন্ধ বেরোলে পেঁয়াজকুচি দিয়ে নরম করে ভেজে নিন। এবারে হলুদ, আদাবাটা, ধনেগুঁড়ো, নুন, চিনি, গরমমশলা দিয়ে মিনিট খানেক ভেজে ডাল দিন। ডাল মিনিট পাঁচেক ভাজবেন। এরপর ৩ কাপ জল দিয়ে প্রেশার বন্ধ করুন। কুকারে ২ বার সিটি দিয়ে নামাবেন। ঠান্ডা হলে চেরা কাঁচালঙ্কা দিয়ে ২-৩ বার ফুটিয়ে নামাবেন। ইচ্ছে হলে ১ টেবিল চামচ মাখন বা ঘি দিতে পারেন। এই ডাল ঘন হবে। তবে বেশি ঘন হলে অল্প গরম জল দিয়ে হাতা দিয়ে একটু ঘেঁটে দেবেন। ধনেপাতা কুচি ছড়িয়ে পরিবেশন করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *