Siliguri: খবর দিয়েছিল ডিটেকটিভ বিভাগ, সেই মতো পার্থ ও নবজিৎকে তল্লাশি চালাতেই যা হাতে ঠেকল… – Bengali News | After fake Aadhaar, now fake birth certificate, 2 arrested in siliguri
শিলিগুড়ি: বাংলায় SIR হবে। এই আবহের মধ্যেই এবার শিলিগুড়ির বাগডোগরার এক ব্যক্তির কাছ থেকে একাধিক জাল জন্ম সার্টিফিকেট উদ্ধার করল ডিটেকটিভ ডিপার্টমেন্ট। খড়িবাড়িতে জন্ম সার্টিফিকেট ইস্যু কাণ্ডের তদন্তে নেমে এ নিয়ে মোট তিন জনকে আটক করা হয়েছে। ধৃত ব্যক্তির নাম লালন কুমার ওঝা। এর কাছ থেকে নেপালের বাসিন্দাদের একাধিক পাসপোর্ট উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হয়েছে জাল ভোটার ও আধার কার্ড এবং দুশো ব্যক্তির পাসপোর্ট সাইজ ছবি।
এ দিকে, এর আগে পার্থ সাহা ও নবজিৎ গুহ নিয়োগী নামে দুজনকে গ্রেফতার করেছিল পুলিশ। সেই তদন্তেই এবার নাম উঠে আসে লালন ওঝার। বাড়ি থেকেই কারবার চালাতেন লালন বলে অভিযোগ। পাসপোর্ট বানিয়ে দিতে তিন লক্ষ টাকা দর ছিল বলে খবর। শুধু জন্মের শংসাপত্রের দর ছিল চল্লিশ হাজার টাকা। নেপাল ও বাংলাদেশের খদ্দের মিললেই টাকার বিনিময়ে জন্ম শংসাপত্রের বরাত যেত খড়িবাড়ির পার্থ ও নবজিতের কাছে।
এই ব্যক্তিকে গ্রেফতার করে একাধিক জাল জন্মের সার্টিফিকেট, ভোটার কার্ড, আধার কার্ড উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হয়েছে দুশো জনের পাসপোর্ট সাইজ ফটো। পুলিশের ধারনা এই দুশো জন খদ্দেরের জাল নথিপত্র তৈরির বরাত নিয়েছিল লালন। তবে এর আগে ৩৫ হাজার টাকার বিনিময়ে ভুয়ো আধার কার্ড তৈরির অভিযোগ উঠেছিল। সেই ঘটনায় গ্রেফতার করা হয়েছিল সাত জনকে। উদ্ধার হয়েছিল একাধিক আধার ও ভোটার। জানা গিয়েছে, শিলিগুড়ির ইস্টার্ন বাইপাস এলাকায় একটি বহুতলে অভিযান চালায় স্পেশাল অপারেশন গ্রুপ, ভক্তিনগর থানার পুলিশ ও আশিঘর আউটপোস্টের পুলিশ। তখনই উদ্ধার হয়েছিল এই আধার কার্ডগুলি।