Humayun Kabir:’ কমিশন ভোটার লিস্ট ফ্রিজ করে নিয়েছে’, SIR নিয়ে দাবি হুমায়ুন কবীরের – Bengali News | Humayun Kabir claims SIR should not remove legal names
ভরতপুর: ‘এসআইআর নিয়ে আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই।’ পশ্চিমবঙ্গে এসআইআর ঘোষণা হওয়ার পরই একথা বললেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। তাঁর বক্তব্য, নির্বাচন কমিশন তাদের রুটিন কাজ করছে। যোগ্যরা যেন বাদ না যায় এটাই চাইছেন তিনি। তবে যোগ্যদের নাম বাদ গেলে তিনি যে ছেড়ে দেবেন না, সেই বার্তাও দিয়েছেন।
এসআইআর নিয়ে বাংলার মানুষকে সতর্ক থাকতে বলেছেন হুমায়ুন কবীর। তাঁর দাবি, বিহারের সঙ্গে বাংলার তুলনা করলে চলবে না। খসড়া তালিকায় তিনি দেখবেন যাঁরা যোগ্য, যাঁরা এ দেশের নাগরিক তাঁদের নাম যেন বাদ না যায়। এমনটা হলে তখন বিএলও ইআরও-দের ঘেরাও করবেন বলে দাবি করেছেন তিনি।
এদিন বিধায়ক বলেন, “এসআইআর নিয়ে অন্যরকম কথা শুরু হয়েছে। নির্বাচন কমিশন ২০০২ সালের ভোটার লিস্ট ফ্রিজ করে নিয়েছে। ভোটারদেরকে বলব, এই এসআইআর ক্যাজুয়ালভাবে নেবেন না। বিহারের সঙ্গে বাংলার তুলনা চলবে না। বিরোধী দলের নেতা বা সুকান্ত মজুমদার বারবার রোহিঙ্গাদের কথা বলছেন। রোহিঙ্গাদের সঙ্গে বাংলার কোনও সীমান্ত এলাকা নেই। বাংলার সীমান্ত বাংলাদেশের সঙ্গে। বাংলায় অনুপ্রবেশকারী ভোটার খুব বেশি হলে এক হাজারও হবে না। কোন সময়ে অবৈধভাবে গরিব বাংলাদেশি এসেছে।”
সদ্য বাংলায় এসআইআর ঘোষণা করেছে নির্বাচন কমিশন। সেই ঘোষণা অনুযায়ী সব প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে, অনুপ্রবেশকারীদের চিহ্নিত করার ক্ষেত্রে এসআইআর কতটা কার্যকর হবে। প্রশ্নের উত্তরে নির্বাচন কমিশনার জানিয়েছেন, ২০০২-এর তালিকার সঙ্গে মিলিয়ে দেখা হবে। সে ক্ষেত্রে ২০০২-এর তালিকায় নিজের বা বাবা-মায়ের নাম না থাকলে ভোটারকে প্রশ্নের মুখে পড়তে হবে।