Explained: পুতিনের মিসাইল দেখে রক্তচাপ বাড়ল ট্রাম্পের! কেন? - Bengali News | Russia's Nuclear Missile Threat Escalates Global Tensions - 24 Ghanta Bangla News
Home

Explained: পুতিনের মিসাইল দেখে রক্তচাপ বাড়ল ট্রাম্পের! কেন? – Bengali News | Russia’s Nuclear Missile Threat Escalates Global Tensions

Spread the love

একটানা আকাশে উড়তে পারে ১৫ ঘণ্টারও বেশি সময় ধরে। হামলা করতে পারে ১৪ হাজার কিলোমিটার দূরের টার্গেটে। চলতি সপ্তাহেই এমন ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্রের মহড়া সেরে ফেলল ক্রেমলিন। রুশ প্রেসিডেন্ট পুতিন রবিবার সরকারি ভাবে ঘোষণাও করে দিলেন, ‘গোটা দুনিয়ায় আর দ্বিতীয় কোনও দেশের কাছে এমন শক্তিশালী পরমাণু শক্তিধর মিসাইল নেই।’ ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার তিন বছরের মধ্যে এমন এক পারমাণবিক শক্তিধর ক্ষেপণাস্ত্র তৈরির ঘোষণা করল ক্রেমলিন, যার ভয়াবহতার কাছে হিরোশিমা-ও হার মানবে। চলতি সপ্তাহেই মস্কো পরীক্ষামূলক উৎক্ষেপণ সেরে ফেলল, ‘নাইন এম-৭৩০ বুরেভেস্তনিক’ মিসাইলের, যার ডাক নাম ‘স্টর্ম পেট্রেল’। নয়া মিসাইলের নামকরণ করা হয়েছে এক ছোট সামুদ্রিক পাখির নাম অনুসারে। ভোটাভুটির মাধ্যমে এই নাম ঠিক হয়েছে। স্টর্ম পেট্রেল দীর্ঘক্ষণ প্রতিকূল পরিস্থিতিতে উড়তে পারে, সবরকম পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারে। নয়া রুশ মিসাইলের সঙ্গে এই পাখির চরিত্রের অনেক মিল।

STORM PETREL

  • পারমাণবিক অস্ত্র নিয়ে নয়া রুশ মিসাইল উড়তে পারে ১৪,০০০ কিলোমিটার।
  •  ১৫ ঘণ্টা ধরে আকাশে উড়তে সক্ষম
  •  বর্তমান ও ভবিষ্যতের কোনও ডিফেন্স সিস্টেম এই মিসাইলকে কাবু করতে পারবে না।
  • পুতিনের দাবি, এই মিসাইল যুদ্ধে ‘অপরাজেয়’।

মস্কোর দাবি যদি সত্যি হয়, তাহলে নতুন মিসাইল বিশ্বের যে কোনও প্রান্তে নিজের টার্গেটে ১০০% সাফল্যের সঙ্গে হামলায় সক্ষম। রবিবার সামরিক পোশাক পরে পুতিন সাংবাদিক বৈঠকে একথা ঘোষণা করতেই, ন্যাটো-সহ ইউরোপীয় দেশগুলি আশঙ্কায় ভুগতে শুরু করে দিয়েছে। ন্যাটো এই মিসাইলের ডাক নাম রেখেছে স্কাই-ফল। মিসাইলটি পরীক্ষার দিন মস্কো থেকে ৪৭৫ কিলোমিটার দূরের ‘টেস্টিং সাইটে’ নজর রেখেছিলেন মার্কিন গোয়েন্দারাও। সে খবর জেনেই সম্ভবত রুশ সেনাপ্রধান রবিবার সাংবাদিক বৈঠকে বলেছেন, বিশ্বের সবচেয়ে সুরক্ষিত সেনাঘাঁটিও এই মিসাইলের হামলার আওতায় পড়বে। দ্রুতই নতুন মিসাইলকে রুশ সেনার ভাঁড়ারে যুক্ত করতে নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট পুতিন।

২০১৮-তে বুরেভেস্তনিক’ মিসাইলের আত্মপ্রকাশের সময় থেকেই মার্কিন ও ইউরোপের তাবড় গোয়েন্দারা এর উপর নজর রাখছিলেন। প্রথাগত টার্বো ফ্যান বা টার্বো জেট নয়, নতুন মিসাইলে ব্যবহৃত হয়েছে ‘নিউক্লিয়ার প্রপালশান‘। অন্যান্য মিসাইলের জ্বালানি ফুরিয়ে গেলে সেটি উড়তে পারে না, তাই অনেকটা দূরে হামলার ক্ষেত্রে সীমাবদ্ধতা থাকে। কিন্তু নয়া রুশ ক্ষেপণাস্ত্র অনির্দিষ্ট সময়ের জন্য উড়তে পারবে ২০,০০০ কিলোমিটারেরও বেশি ও যে কোনও সময় নির্দেশমাফিক হামলা করতে পারবে।

MISSILE

রুশ প্রতিরক্ষা মন্ত্রকের দাবি,

  •  নয়া মিসাইল কয়েক টনের পরমাণু বোমা বহন করেও গোটা পৃথিবী প্রদক্ষিণ করতে পারে।
  • মার্কিন মিসাইল ডিফেন্স সিস্টেমকেও বোকা বানাতে পারবে।
  •  যে কোনও উচ্চতায় বা গভীর সুড়ঙ্গেও পরমাণু বোমা ফেলে আসতে পারে।
  •  মানচিত্রেও লুকানো, এমন সুরক্ষিত ঘাঁটিতেও হামলা করতে পারে।
  •  ৩৫০ ফুট উঁচুতে শব্দের চেয়েও দ্রুতগতিতে উড়তে পারে বলে রেডারে ধরা পড়ে না।

ইউক্রেন যুদ্ধ থামাতে নানাভাবে রাশিয়াকে নিরস্ত করতে চাইছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কখনও ভারতকে রাশিয়ার থেকে তেল কিনতে মানা করছেন। আবার কখনও ইউক্রেনকে যুদ্ধে টিকে থাকতে অস্ত্র সরবরাহের প্রতিশ্রুতি দিচ্ছেন। একতরফা, অন্যায্য শুল্ক চাপাচ্ছেন। সম্প্রতি দুটি বৃহত্তম রুশ তেল সংস্থার উপরেও নিষেধাজ্ঞা চাপিয়েছেন। কিন্তু কোনও বহিরাগত শক্তির কাছে যে মস্কো মাথা নোয়াবে না, সেটা রবিবারও স্পষ্ট করে দিলেন পুতিন। সেনাপ্রধানকে পাশে বসিয়ে নয়া মিসাইল পরীক্ষায় সাফল্যের খবর জাতীয় টিভিতে ভাগ করে নিলেন দেশবাসীর সঙ্গে। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা মনে করছেন, ক্রেমলিনে বসেই যে এখন ওয়াশিংটনের বিরুদ্ধে পরমাণু হামলা করা যায়, তারই আগাম বার্তা এদিন দিয়ে রাখলেন পুতিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *