PMUY: দেশের স্বাস্থ্যটাই বদলে দিচ্ছে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা, হাসি ফুটেছে কোটি কোটি দরিদ্র পরিবারের মুখে – Bengali News | Pradhan Mantri Ujjwala Yojana is changing the health of the country, bringing smiles to the faces of crores of poor families
হাসি ফুটছে মহিলাদের মুখে Image Credit: Social Media
নয়া দিল্লি: দেশের দরিদ্র মহিলাদের জীবনে কার্যত এক বৈপ্লবিক পরিবর্তন এনেছে কেন্দ্রের এই প্রকল্প। সামগ্রিকভাবে বদলেছে জীবন মান। বদলে গিয়েছে রান্নার পরিবেশ, রূপ বদলেছে গৃহস্থলির। জীবন আরও আধুনিক হয়েছে গৃহিনীদের। কথা হচ্ছে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা (PMUY) নিয়ে। একসময় রান্নাঘর মানে শুধুই ধোঁয়া আর দমবন্ধকর পরিস্থিতি, চোখ জ্বালা, শ্বাসকষ্টের কথা মনে পড়ত সেই ছবিতেই যেন এসে গিয়েছে এক্কেবারে আমূল পরিবর্তন। আজ সেই জায়গায় নতুন জায়গা করে নিয়েছে গ্যাসের নীল শিখা। ২০১৬ সালে শুরু হওয়া এই প্রকল্পের মূল লক্ষ্যই ছিল দেশের প্রতিটি দরিদ্র পরিবারে জ্বালানির সরবরাহ করা। আর সেই স্বপ্নই যেন এখন দেখেছে বাস্তবের রূপ। পূরণ হয়েছে সরকারের ইচ্ছা। তথ্য বলছে ২০২৩ সালের মধ্যে, এই প্রকল্পের আওতায় ১০ কোটিরও বেশি দরিদ্র পরিবার এলপিজি গ্যাসের সুবিধা পেয়েছে।
কোন পথে এল সফলতা?
এই প্রকল্পের সবচেয়ে বড় বৈশিষ্ট্যই হল এতে বাড়ির মহিলাদের নামে গ্যাসের সংযোগ দেওয়া হয়। প্রথম সিলিন্ডার, গ্যাসের ওভেন, রেগুলেটরের খরচ সবটাই পুরোপুরি সরকার বহন করে। এরপর প্রতিটি রিফিল সিলিন্ডারের দামের একটি অংশ ভর্তুকি হিসেবে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে ফেরত পাঠানো হয়। তথ্য বলছে, প্রচারের সাফল্য এমনই উচ্চতায় পৌঁছেছে যে বর্তমানে দেশে প্রায় ৯৫ শতাংশ পরিবারে গ্যাসের সংযোগ রয়েছে। শুধুমাত্র গ্রামীণ এলাকাগুলিতেই এলপিজির ব্যবহার তিনগুণ বেড়েছে।
আগে কাঠ, কয়লা বা গোবর থেকে তৈরি ঘুঁটের জ্বালানিতে রান্না করার ফলে স্বাস্থ্যের ঝুঁকিও অনেক বেশি ছিল মহিলাদের। ফুসফুসের সংক্রমণ, হাঁপানি, স্ট্রোক বা হৃদরোগের ঝুঁকি বাড়ত। বায়ুদূষণেরও বাড়বাড়ন্ত দেখা যেত। এখন এলপিজির ব্যবহার সেই বিপদ অনেকটাই কমিয়েছে। ফলে ভারত বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) নির্ধারিত বায়ুমানের লক্ষ্যের দিকে দ্রুত এগিয়ে যাচ্ছে। বিশেষজ্ঞদের মতে, প্রতি বছর এর জন্য প্রায় ১.৫ লক্ষ মানুষের জীবন বাঁচছে। কমছে শিশুমত্যুর হারও। সোজা কথায় প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা শুধু রান্নাঘরের চেহারা বদলায়নি, বদলে দিয়েছে জীবনযাত্রার মান।