Bangladesh: লুঠের অস্ত্র দিয়ে দেশের যুবকদের প্রশিক্ষণ! বাংলাদেশে ইসলামিক মিলিশিয়া গড়ছেন ইউনূস? – Bengali News | Muhammad Yunus Led Government to Train 40 Thousand Youth with Arms, Is He Making Islamic Militia? Experts Raise Concern
দেশের যুবদের দিয়ে কী করাতে চাইছে ইউনূস সরকার?Image Credit: X
ঢাকা: ইউনূস সরকার কি এবার ইসলামিক মিলিশিয়া তৈরি করছেন? বাংলাদেশের যুবদের অস্ত্র প্রশিক্ষণ দেবে ইউনূস সরকার। প্রাথমিক স্তরেই ৮ হাজার যুবকে অস্ত্র চালানোর প্রশিক্ষণ দেওয়া হবে বলে খবর। এই নিয়ে বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কয়েকদিন আগেই পোস্ট করেছিলেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৮ হাজারেরও বেশি যুবকে প্রশিক্ষণ দেওয়া হবে অস্ত্র চালানোর। হঠাৎ কেন দরকার পড়ল দেশের ছেলেদের হাতে অস্ত্র তুলে দেওয়া ও তা কীভাবে চালাতে হয়, তা শেখানোর?
ইউনূস সরকার যুক্তি দিয়েছে, এটা দেশের রিজার্ভ ফোর্সকে আরও শক্তিশালী করার জন্য উদ্যোগ। আসিফ মাহমুদের পোস্টে বলা হয়েছিল, ৮৮৫০ জন যুবকে তাইকোন্ডা, জুডো, মার্শাল আর্টের প্রশিক্ষণ দেওয়া হবে। পাশাপাশি অস্ত্র চালানোরও প্রশিক্ষণ দেওয়া হবে।
সরকারি তথ্য অনুযায়ী, বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের মাধ্যমে ৪০ হাজার যুবক-যুবতীকে ক্যারাটে ও আগ্নেয়াস্ত্র চালানোর প্রশিক্ষণ দেওয়া হবে। সূত্রের খবর, দেশে ৭টি শিবির তৈরি করা হয়েছে। সেখানে প্রথম ধাপে ৮৮৫০ জনকে প্রশিক্ষণ দিচ্ছে সেনা অফিসাররা। এরা আবার পাকিস্তানপন্থী বলেই পরিচিত।
এতে উদ্বেগ বাড়ছে নয়া দিল্লিরও। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার কোনদিকে এগোচ্ছে, তার দিকে নজর রাখা হচ্ছে। বিভিন্ন গোয়েন্দা সংস্থা কয়েক মাস আগেই এই বিষয়ে বিদেশ মন্ত্রককে জানিয়েছিল বলে খবর। পর্যবেক্ষকদের একাংশের মত, ২০২৪ সালে গণঅভ্যুত্থানের সময় গণভবন, দেশের থানাগুলিতে যে লুটতরাজ চলেছিল, সেই ভারী অস্ত্র চালানোর জন্যই এই বাহিনী তৈরি করে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
সিরিয়া, ইরাকের মতো দেশে এই ধরনের মিলিশিয়া রয়েছে। তারা গোপনেই প্রশিক্ষণ দেয়। তবে বাংলাদেশের ইউনূস সরকার সেই প্রশিক্ষণের খবর ফাঁস হওয়ার ভয়েই, ঝুঁকি এড়াতে যুব প্রশিক্ষণ কর্মসূচির নামে এই শিবির চালাবে, যা সকলের চোখের সামনেই হবে। এই মিলিশিয়া বাহিনী তৈরি করে ইউনূস সরকার কী করতে চাইছে, তা নিয়ে যথেষ্ট প্রশ্ন ও উদ্বেগ তৈরি হচ্ছে, কারণ বাকি দেশে যেখানে মিলিশিয়া বাহিনী রয়েছে, তার প্রভাব অনেকেরই জানা।
বাংলাদেশে যেভাবে ইসলামিক বিভিন্ন সংগঠন ও দল মাথাচাড়া দিয়ে উঠেছে এবং তাদের ঘনিষ্ঠ সেনা অফিসাররা মিলিশিয়া তৈরির চেষ্টা করছে, তা যথেষ্ট উদ্বেগের। সমালোচকদের একটা বড় অংশই বলে, মহম্মদ ইউনূস ক্ষমতার শীর্ষে থাকলেও, তিনি আসলে জামাত ও কট্টরপন্থীদের হাতের পুতুল।