High Court: মহিলার সঙ্গে বন্ধুত্ব মানেই বারবার ধর্ষণের লাইসেন্স নয়: হাইকোর্ট – Bengali News | Delhi High Court special observation on a case of POCSO
নয়া দিল্লি: বন্ধুত্বের সম্পর্ক কাউকেই বারবার ধর্ষণ করার অনুমতি দেয় না, মারধর করার অনুমতিও দেয় না। বৃহস্পতিবার দিল্লি হাইকোর্ট একটি মামলায় এমনই এক গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ দিয়েছে। পকসো মামলায় এক ব্যক্তি আগাম জামিনের আবেদন জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। বৃহস্পতিবার সেই আবেদন খারিজ করে দিয়েছে আদালত। বিচারপতি স্বরণ কান্ত শর্মা এই পর্যবেক্ষণ দিয়েছেন।
হাইকোর্ট নির্দেশে বলেছে, একজন মহিলার সঙ্গে বন্ধুত্ব থাকলেই, তা অভিযুক্তকে বারবার ধর্ষণ এবং নির্মমভাবে মারধর করার অনুমতি দেয় না। এই মামলায়, অভিযুক্ত জানিয়েছে যে তাদের মঙ্গে সম্পর্কটা সম্মতিক্রমেই হয়েছিল। অভিযোগকারী তার বন্ধু ছিল বলেই জানিয়েছে।
নির্যাতিতা তথা ১৭ বছর বয়সী এক নাবালিকার দায়ের করা অভিযোগে বলা হয়েছে যে সে অভিযুক্তকে বেশ কয়েক বছর ধরে চিনত। প্রতিবেশী হিসেবেই চিনত সে। অভিযুক্ত তাকে তার বন্ধুর বাড়িতে নিয়ে যায়, যেখানে সে তাকে একাধিকবার যৌন নির্যাতন করে বলেই অভিযোগে জানিয়েছে ওই নাবালিকা।
নির্যাতিতার দাবি, ভয়েই সে পুলিশে প্রথমে বিষয়টি জানায়নি। এমনকী মেডিক্যাল পরীক্ষাও করায়নি। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে, পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি, ২০২৩ এর ৬৪(২), ১১৫(২), ১২৭(২) এবং ৩৫১ নম্বর ধারায় এবং পকসো আইনের অধীনে এফআইআর দায়ের করে। এরপরই অভিযুক্ত আগাম জামিনের জন্য দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন।