‘ধূমকেতু’-র পর দেব-শুভশ্রীর ভুলবোঝাবুঝি কেন হলো? – Bengali News | Did Subhashree Ganguly feel bad about what Dev said
টলিপাড়ায় অন্যতম চর্চিত জুটি দেব এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের জুটি। তাঁরা একসঙ্গে খুব বেশি ছবি করেননি। কিন্তু যখনই বড়পর্দায় এসেছেন, মাতিয়ে দিয়েছেন। ‘ধূমকেতু’ ছবি তৈরি হওয়ার দশ বছর পর মুক্তি পেল সেই ছবি। নজরুল মঞ্চে দেব-শুভশ্রীকে একসঙ্গে যে ইভেন্টে দেখা গিয়েছিল, তাতে ঝড় উঠেছিল। তারপর দেবের একটা সাক্ষাত্কারে একটি মন্তব্যে শুভশ্রীর খারাপ লাগে, সে কথা তিনি অন্য একটা সাক্ষাত্কারে বলেছেন। দেব অবশ্য সেই ভুল বোঝাবুঝি মিটিয়ে নিয়েছেন, ব্যাখ্যা করেছেন ঠিক কী বলতে চেয়েছিলেন। এমন ভুল বোঝাবুঝির কি কোনও দরকার ছিল?
TV9 বাংলার প্রশ্নের উত্তরে শুভশ্রী বললেন, ”দরকার ছিল কিনা, সেটা আমি বলতে পারব না। আমি এটা বলতে পারি, যখনই যেটা করি, সম্পূর্ণ হৃদয় দিয়ে করি। আমি যখন ‘ধূমকেতু’র প্রচারের জন্য হ্যাঁ বলেছি, পুরো মন-আত্মা থেকে বলেছি। আমি যখন ওখানে বসে মানুষকে কাঁদতে দেখেছি আমাদের দু’ জনকে দেখে, তখন মনে হয়েছে, আর কী চাই…আমরা কখনওই কেউই, ইন্ডাস্ট্রির কেউ পর্যন্ত এফর্ট দেননি জুটিটাকে বাঁচিয়ে রাখার জন্য। একমাত্র দর্শক তাঁদের ভালোবাসায়, আমাদের জুটিটাকে বাঁচিয়ে রেখেছেন। সেটারই ফল ছিল ইভেন্টের রাত এবং তারপর ছবিটা যেভাবে সফল হলো সেটা। এই বিষয়টাকে আমি কোনওভাবে অপমান করতে পারি না। কোনওভাবে যেতে দিতে পারি না।
আমার মনে হয়, একজন মানুষ কোনও অনুভূতি ব্যক্ত করতেই পারেন। কিন্তু আমরা যাঁরা পাবলিক ফিগার, তাঁদের বাড়তি দায়িত্ব থাকে, নিজেদের অনুভূতিগুলো ঠিকভাবে ব্যক্ত করার। শুধু আমাদের ছবি থাকবে না, আমার কথা, আমাদের অ্যাক্টিভিটি, কীভাবে মানুষের সঙ্গে আচরণ করছি, আমি একজন পুরুষকে কীভাবে ট্রিট করছি, একজন পুরুষ আমাকে কীভাবে ট্রিট করছেন, সমস্তটাই থেকে যাবে।
কোনও-কোনও ক্ষেত্রে একজন নারীকে মুখ খুলতে হয় এই কারণে, তাঁর জন্য অনেক মানুষ পাশে এসে দাঁড়াচ্ছেন বলে। তাঁদেরকে আমার বোঝানোর ছিল, তোমরা যে আমার জন্য আওয়াজ তুলছ, তোমরা একা নও, আমি তোমাদের সঙ্গে আছি। এরকম না, পুরুষ মানেই ভীষণ বড় জায়গায় আছে, মেয়েরা চুপ করে যাবে, মেয়েরা কিছু বলবে না, বা অনেক বড় জায়গায় কেউ থাকলেই তাকে তোষামোদ করা হবে, সেই জন্যই কথা বলা। এমনিতে প্রচার ছাড়া আমি মিডিয়ার সঙ্গে কথা বলি না। তবে এক্ষেত্রে মনে হয়েছিল, কথা বলা দরকার। ‘ধূমকেতু’-র পর এই জিনিসটা হওয়া উচিত ছিল না।”
এরপর দেব-শুভশ্রী জুটির নতুন ছবি আর হবে কিনা, সেটা সময় বলবে। তবে অনুরাগীরা যে এই জুটিকে আবার বড়পর্দায় দেখতে চান, তা নিয়ে সংশয় নেই।