North 24 Pargana: ‘হাতে কামড়ে দিয়েছে’, কালীপুজোর রাতে যুবতীকে কটূক্তি, বোনের সম্ভ্রম বাঁচাতে গিয়ে আক্রান্ত দাদা – Bengali News | Woman was badly harassed by some men in north 24 pargana
চাঁদপাড়া (উত্তর ২৪ পরগনা): বাড়ি থেকে বেরিয়েছিল বোন। সঙ্গে ছিলেন তাঁর বন্ধু। অভিযোগ, কয়েকজন যুবক মাঝ রাস্তায় যুবতীকে দেখে লাগাতার কটূক্তি করতে শুরু করেন। এমনকী, প্রতিবাদ করলে মারধরও করা হয়। বিষয়টি শুনে বাঁচাতে যান দাদা। তবে সেখানে যেতেই আক্রান্ত হন তিনিও। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানার চাঁদপাড়া এলাকায়।
জানা গিয়েছে, গতকাল অর্থাৎ মঙ্গলবার রাতে ডাক্তার সুমন সাহার মাসতুতো বোন অংশুমিতা পাল ও তাঁর বন্ধু ঠাকুর দেখতে বেরিয়েছিলেন। বাড়ি থেকে কিছুটা দূরে যেতেই অভিযোগ কয়েকজন যুবক তাঁদের কটুক্তি করেন। তাঁরা প্রতিবাদ করলে তাঁদেরও মারধর করা হয় বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন সুমন। জানা গিয়েছে, তিনি মেডিকেল কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। বোনকে বাঁচাতে গেলে দুষ্কৃতীরা তাঁকেও বেধড়ক প্রহার করে বলে অভিযোগ।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় গাইঘাটা থানার পুলিশ। যদিও, ততসময়ে এলাকা ছেড়ে পালিয়ে যায় অভিযুক্তরা। পরবর্তীতে গাইঘাটা থানায় অভিযোগ দায়ের করে আক্রান্ত যুবতী। পুলিশ সূত্রে খবর, অভিযোগ পেয়ে তদন্তে শুরু হয়েছে, অভিযুক্তদের খোঁজ চালানো হচ্ছে। এ প্রসঙ্গে আক্রান্ত যুবতী বলেন, “কালীপুজোর দিন আমি আর আমার বন্ধু বাইকে করে বেরিয়েছিলাম। কিছুটা আসতেই পাড়ার মোড়ে কয়েকজন ছেলে দাঁড়িয়েছিল। তাঁরা আমার থেকে অনেক ছোট। বয়স ধরুন পনেরো থেকে ষোলো বছর হবে। ওঁরা আমায় খারাপ খারাপ কথা বলছিল। আমায় হাত ধরে টানছিল। আমার বন্ধু বাধা দিলে ওকে মারধর করে। আমার হাতে কামড়ে দেয়। আমার বন্ধুর পিঠেও কামড়ে দিয়েছে। আমি সঙ্গে সঙ্গে দাদাকে ফোন করি। আমার দুই দাদা সেখানে আসে। ওঁরা আমার দাদাদেরও ছাড়েনি। বেধড়ক মারধর করেছে। আমরা থানায় অভিযোগ দায়ের করেছি।”