Donald Trump: হোয়াইট হাউসে দীপাবলি উদযাপন, মোদীর সঙ্গে 'বাণিজ্য' নিয়ে কথা বলার দাবি ট্রাম্পের - Bengali News | US President Donald Trump celebrates Diwali at White house, calls PM Narendra Modi 'great friend' - 24 Ghanta Bangla News
Home

Donald Trump: হোয়াইট হাউসে দীপাবলি উদযাপন, মোদীর সঙ্গে ‘বাণিজ্য’ নিয়ে কথা বলার দাবি ট্রাম্পের – Bengali News | US President Donald Trump celebrates Diwali at White house, calls PM Narendra Modi ‘great friend’

Spread the love

হোয়াইট হাউসে দীপাবলি উদযাপন ডোনাল্ড ট্রাম্পেরImage Credit: X handle

ওয়াশিংটন: শুল্ক নিয়ে ভারতের সঙ্গে টানাপোড়েন চলছে। তাঁর একের পর এক আলটপকা মন্তব্যে দুই দেশের কূটনৈতিক টানাপোড়েন বেড়েছে। এই আবহে হোয়াইট হাউসে দীপাবলি উদযাপন করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আলোর এই উৎসবে ভারতবাসী ও ভারতীয় বংশোদ্ভূত আমেরিকানদের শুভেচ্ছা জানালেন। একইসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করলেন তিনি। মোদীকে একজন ‘মহান ব্যক্তি’ ও ‘ভাল বন্ধু’ বলে উল্লেখ করলেন। ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে কথাও বলেছেন বলে জানালেন ট্রাম্প। মোদীর সঙ্গে বাণিজ্য নিয়ে তাঁর কথা হয়েছে বলে জানান।

হোয়াইট হাউসে দীপাবলি উদযাপনে ট্রাম্প প্রশাসনের একাধিক পদস্থ কর্তা উপস্থিত ছিলেন। এফবিআই ডিরেক্টর কাশ প্যাটেল, ওডিএনআই ডিরেক্টর তুলসী গাবার্ড, হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কুশ দেশাই উপস্থিত ছিলেন। ট্রাম্পের এই দীপাবলি উদযাপনে অংশ নেন আমেরিকায় ভারতীয় রাষ্ট্রদূত বিনয় মোহন ওয়াতরা এবং ভারতীয়-আমেরিকান শিল্পপতিরা। দীপাবলি উদযাপন করতে গিয়ে ট্রাম্প বলেন, “এই প্রদীপ অন্ধকারের উপর আলো, অজ্ঞানের উপর জ্ঞান এবং মন্দের উপর ভালর জয়ের প্রতীক।”

মঙ্গলবার দীপাবলি উদযাপনের পর ওভাল অফিসে সাংবাদিক বৈঠকে ভারতীয়দের দীপাবলির শুভেচ্ছা জানিয়ে ট্রাম্প বলেন, “আমি আজ আপনাদের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললাম। আমাদের মধ্যে দারুণ আলোচনা হয়েছে। তিনি একজন মহান ব্যক্তি। ধীরে ধীরে তিনি আমার দারুণ বন্ধু হয়ে উঠেছেন।”

একাধিক বিষয়ে দুই রাষ্ট্রনেতার কথা হলেও বাণিজ্যই যে অগ্রাধিকার পেয়েছে, সেকথা জানালেন ট্রাম্প। বলেন, “আমাদের মধ্যে অনেক বিষয়ে কথা হয়েছে। তবে বাণিজ্য নিয়ে বেশি কথা হয়েছে।” ট্রাম্পের এই মন্তব্য নিয়ে নয়াদিল্লির তরফে এখনও কোনও বিবৃতি দেওয়া হয়নি।

একদিন আগেই ট্রাম্প দাবি করেছিলেন, প্রধানমন্ত্রী মোদী তাঁকে জানিয়েছেন, রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ করবে ভারত। তিনি হুঁশিয়ারি দেন, ভারত যদি তেল কেনা বন্ধ না করে, তাহলে এই অধিক শুল্ক দিতে হবে তাদের। প্রসঙ্গত, রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ না করায়, আমেরিকায় ভারতীয় পণ্যে ৫০ শতাংশ শুল্ক চাপিয়েছেন ট্রাম্প। নয়াদিল্লি অবশ্য পাল্টা ট্রাম্প প্রশাসনের দ্বিচারিতা সামনে এনেছে। ভারত জানায়, ট্রাম্পের আমলে রাশিয়া ও আমেরিকার দ্বিপাক্ষিক বাণিজ্য বেড়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও তা সর্বসমক্ষে স্বীকার করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *