ছুড়ে মারলেন ইউক্রেনের ম্যাপ, জ়েলেনস্কিকে গালিগালাজ করলেন ট্রাম্প? কী হল হোয়াইট হাউসের অন্দরে? – Bengali News | US President Donald Trump Cursed, Throws Map at Ukraine President Volodymyr Zeleneskyy in White House Meeting, Said Putin Will Destroy You
হোয়াইট হাউসে বৈঠক ট্রাম্প-জ়েলেনস্কি।Image Credit: PTI
ওয়াশিংটন: এটা যুদ্ধ থামানোর মধ্যস্থতা? ইউক্রেনের প্রেসিডেন্টকে হোয়াইট হাউসে ডেকে এনে ফের অপমান। জ়েলেনস্কিকে তুলোধনা, মানচিত্র ছুড়ে মারলেন মার্কিন প্রেসিডেন্ট! এমনকী গালিগালজও করেছেন ডোনাল্ড ট্রাম্প, এমনটাই রিপোর্ট। তিনি নাকি ইউক্রেনের প্রেসিডেন্টকে সতর্ক করে বলেন যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শপথ নিয়েছেন ইউক্রেনকে ধ্বংস করে দেওয়ার।
ফিন্যান্সিয়াল টাইমসের রিপোর্ট অনুযায়ী, হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কির মধ্যে শান্তিপূর্ণ বৈঠকের কথা থাকলেও, তা রীতিমতো চিৎকার-চেঁচামেচির প্রতিযোগীতায় পরিণত হয়। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প নাকি ক্রমাগত চিৎকার-গালিগালাজ করতে থাকেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ও প্রতিনিধিদের আনা যুদ্ধক্ষেত্রের মানচিত্র তিনি দেখতেই চাননি। বরং জোর করতে থাকেন যে ইউক্রেনের প্রেসিডেন্ট জ়েলেনস্কি যেন গোটা ডনবাসই রাশিয়ার হাতে তুলে দেয়।
ইউক্রেনকে টমাহক ক্রুজ মিসাইল দেওয়ার কথা ছিল আমেরিকার, যা নিয়ে চিন্তায় পড়ে গিয়েছিল রাশিয়াও। তবে জানা গিয়েছে, রুশ প্রেসিডেন্টের সঙ্গে ফোনে কথা হওয়ার পরই জ়েলেনস্কিকে সেই মিসাইল দিতে অস্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প।
ইউরোপীয়ান ইউনিয়নের প্রতিনিধিরা জানিয়েছেন, রাশিয়ার আগ্রাসনকে ট্রাম্প স্পেশাল অপারেশন বলেছেন। যুদ্ধ বলেও মানতে চাননি। বরং জ়েলেনস্কিকে সতর্ক করে বলেন, “যদি (পুতিন) চায়, তাহলে ও তোমাদের ধ্বংস করে দেবে।”
আলোচনা এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে ট্রাম্প ইউক্রেনের মিলিটারি ম্যাপ ছুঁড়ে ফেলেন। বলেন যে এই ম্যাপ দেখতে দেখতে তিনি বিরক্ত। যে ট্রাম্প আগে বলেছিলেন যে রাশিয়ার অর্থনীতি ভেঙে পড়ার মুখে, সেখানেই ১৮০ ডিগ্রি ঘুরে ট্রাম্প বলেন যে রাশিয়ার অর্থনীতির অবস্থা বেশ ভাল।
এখনও পর্যন্ত হোয়াইট হাউস বা জ়েলেনস্কির অফিসের তরফে এই বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি।
প্রসঙ্গত, রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ থামানোর জন্য মধ্যস্থতা করার চেষ্টা করছেন মার্কিন প্রেসিডেন্ট। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শর্ত দিয়েছেন যে ইউক্রেনের কাছ থেকে দখল করে নেওয়া ডনবাস তাদের নিয়ন্ত্রণেই থাকুক, এর বদলে তিনি দক্ষিণ খেরোসন ও জ়াপোরজ়িয়ার কিছু অংশ ফেরত দিয়ে দেবেন। এর আগে অগস্ট মাসে যখন ট্রাম্পের সঙ্গে আলাস্কায় বৈঠক করেছিলেন পুতিন, তখন তিনি খেরোসন ও জ়াপোরজ়িয়াও ছাড়তে চাননি। কিন্তু ইউক্রেন পুতিনের দেওয়া কোনও শর্তই মানতে নারাজ।