Malda: ইম্মাম-মোয়াজ্জেমদের বলেছিলাম, যাঁর থেকে ভাতা পান তাঁর প্রতি কৃতজ্ঞ থাকুন: TMC নেতা বুলবুল খান – Bengali News | TMC leader comment that be grateful to the person from whom you receive your allowance.
মালদহ: ভোট আসার আগেই তৃণমূলের নেতা মন্ত্রীদের মুখে লাগাতার কুকথা। ছোট-বড়-মাঝারি সব নেতাদের মুখে হয় হুমকি হয়ত সতর্কতা। এবার ইমাম মোয়াজ্জেমদের নিয়ে বিস্ফোরক মন্তব্য তৃণমূল নেতা তথা মালদা জেলা পরিষদ সদস্য বুলবুল খানের। তাঁর বক্তব্য, “যাঁর খাবেন তাঁর গুণ গাইতে হবে, তাঁর প্রতি কৃতজ্ঞ থাকতে হবে,ইমাম মোয়াজ্জেমরা ভাতা পাচ্ছেন। রেশন পাচ্ছেন। কিন্তু অনেকেই কৃতজ্ঞ থাকছেন না। আল্লা তালা বলেছেন,যাঁর খাবেন তাঁরই গুণ গাইতে হবে।”
একই সঙ্গে তাঁর দাবি, লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন,সাইকেল পাচ্ছেন তবু মহিলারা বলছেন তাঁরা কিছু পাচ্ছেন না। মহিলাদেরও তৃণমূল সরকার তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞ থাকার পরামর্শ তৃণমূল নেতার। মালদহের হরিশ্চন্দ্রপুর ২ ব্লকের ভালুকা গ্রামে বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে প্রকাশ্য মঞ্চ থেকে এভাবেই বক্তব্য রাখেন। তিনি বলেন, ”
আজ মুখ্যমন্ত্রীকে দেখুন। তিনি কিন্তু ছোট বাচ্চা থেকে মহিলা সকলের জন্য সব রকম সুবিধা করে দিয়েছেন। এই প্রকল্পগুলি কিন্তু আপনি উপভোগ করেছেন। আপনি যাঁর খাবেন তাঁরই গুণ খাইবেন। এখন অনেক মা-বোনকে বলতে শুনি আপনারা কী দিয়েছেন? কিছুই পাইনি আমরা। তারপর যখন আমরা প্রশ্ন করলাম লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছেন? তখন বলছেন, ও তো সবাই পাচ্ছে। আমিও পেয়েছি। এই ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হয় আমাদের। কেন? যাঁদের খাব তাঁদের প্রতি কৃতজ্ঞ থাকা উচিত।”
এরপরই তিনি ইমাম-মোয়াজ্জেমদের উদ্দেশেওই বার্তা দেন। তাঁদের কী করণীয় সেটাও বুঝিয়ে দেন। বলেন, “আমরা ইম্মাম-মোয়াজ্জেমদের বলেছিলাম, আপনাদের ভাতা দেওয়া হয়। যাঁর থেকে পাচ্ছেন তাঁর প্রতি কৃতজ্ঞ থাকা উচিত। কিন্তু কিছু জায়গায় কৃতজ্ঞ থাকেননি।”
এ দিন তিনি বিজেপির সঙ্গে তৃণমূলের লড়াইকে স্বাধীনতা সংগ্রামের লড়াইয়ের সঙ্গেও তুলনা করেছেন। গত ১০ বছর আগেই যদি এই স্বাধীনতার লড়াই সংগঠিত করা যেত, তাহলে বিজেপি এই জায়গায় আসত না, রাজ্যে এই পরিস্থিতি তৈরি হত না। তিনি বলেন, “আমি কিন্তু দশ বছর আগেই বলেছিলাম দ্বিতীয় স্বাধীনতার লড়াই লড়তে হবে। আজ তাঁর প্রমাণ কিন্তু আপনারা পাচ্ছেন। যে কোনও কণ্ঠরোধ করে দেওয়া হচ্ছে।”