Egra News: ৭ কোটি টাকার আর্থিক প্রতারণার অভিযোগ, মহারাষ্ট্র পুলিশের হাতে গ্রেফতার বাংলার ছেলে – Bengali News | Bengali boy arrested by Maharashtra Police for alleged financial fraud of Rs 7 crore
এগরা: সাত কোটি টাকার প্রতারণা। তারপর পূর্ব মেদিনীপুরের (Purba Medinipur) এগরার বাড়িতে এসে দিব্যি গা ঢাকা দিয়েছিল নিজের বাড়িতে। অবশেষে নাগপুর পুলিশের জালে প্রতারক। অভিযুক্তের নাম শুভেন্দু মাইতি।
অভিযোগ, এই শুভেন্দু প্রায় ৭ কোটি টাকার আর্থিক প্রতারণা করেছিলেন। তাঁকে মহারাষ্ট্রের নাগপুর থানার পুলিশ ও এগরা থানার পুলিশ মিলিত হয়ে পাঁচরোল থেকে গ্রেফতার করেছে। জানা গিয়েছে, কলকাতায় থাকতেন এই যুবক। তিনি IT ও ল ফার্মে কাজ করতেন। এক বছর আগেই বাড়ি চলে আসেন তিনি। এরপর নাগপুর থানায় এই যুবকের নামে আর্থিক তছরূপের প্রচুর অভিযোগ জমা পড়ে। বহুদিন ধরেই নানা অভিযোগ উঠছিল এর বিরুদ্ধে। সেই ভিত্তিতে গতকাল গভীর রাতে অভিযুক্ত শুভেন্দু মাইতিকে তাঁরই নিজের বাড়ি থেকে নাগপুর থানার পুলিশ গ্রেফতার করে।
পুলিশ সূত্রে খবর, ওই যুবকের কাছ থেকে দু’টি ল্যাপটপ ও চারটি মোবাইল সহ অনলাইন প্রতারণার প্রচুর নথি বাজেয়াপ্ত করা হয়েছে। শুক্রবার নাগপুর পুলিশ ওই যুবকে কাঁথি আদালতে তোলে। ধৃতকে নিজেদের হেফাজতে ট্রানজিট রিমান্ড নিয়ে নেয়। এই ঘটনার পিছনে আরও কারা-কারা চক্র যুক্ত রয়েছে কি না সেটাও তদন্তকারী আধিকারিকরা খতিয়ে দেখবে। আরও অন্য কোনও থানায় এই অভিযুক্তের নামে অভিযোগ রয়েছে কি না সেটাও পুলিশ খতিয়ে দেখছে বলে জানা গিয়েছে।