Hooghly: মারপিট থামাতে গিয়ে নিজেই আক্রান্ত হলেন তৃণমূলের উপ প্রধান – Bengali News | Hooghly Trinamool deputy chief himself attacked while trying to stop the fight
হুগলি: মারপিট থামাতে গিয়ে নিজেই আক্রান্ত হলেন তৃণমূলের উপ প্রধান! ঘটনা শ্রীরামপুরে। শ্রীরামপুরের রাজ্যধরপুর পঞ্চায়েত এলাকায় এক রাজমিস্ত্রি ঠিকাদারকে মারধর করতে থাকে স্থানীয় যুবক। সেসময় চায়ের দোকানে বসেছিলেন রাজ্যধরপুর পঞ্চায়েতের উপপ্রধান দেবাংশু দে। অভিযোগ, তিনি তাঁদেরকে ছাড়াতে গেলে সমাজবিরোধীরা পাল্টা তাঁকে মারধর করেন। রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে যান তৃণমূল নেতা সেখান থেকে তাকে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে শ্রীরামপুর থানায় অভিযোগ দায়ের করছেন আক্রান্ত তৃণমূল নেতা।
তাঁর দাবি, সকালে চায়ের দোকানে চা খাচ্ছিলেন। সে সময় স্থানীয় এক সমাজ বিরোধী একজন ঠিকাদারের উপর চড়াও হয়। তাঁকে মারধর করতে শুরু করে, কারণ ওই ঠিকাদারের একজন কর্মী পাড়ার এক মহিলাকে কটূক্তি করেছিলেন। তাঁকে দেশের বাড়িতে পাঠিয়ে দাও ঠিকাদার।তাই আজ সকালে ঠিকাদারকে মারধর করে। তৃণমূল নেতা তাঁদের ছাড়াতে গেলে ওই সমাজ বিরোধী তাঁকেই মারধর করেন।
উপপ্রধান বলেন, “আমার চশমা ভেঙে দিয়েছে, মুখের ভেতরে কেটে যায়। হাসপাতালে যাই সেখানে সেলাই দিতে হয়।আমি দীর্ঘদিন ধরে রাজনীতি করি। সব দলের মানুষ আমাকে ভালবাসে। কিন্তু আজকে কেন এরকম হল সেটাই বুঝতে পারছি না। মনে হচ্ছে সমাজ বিরোধীরা আবার মাথাচাড়া দিচ্ছে।”
এটা কোন রাজনৈতিক দলের প্রশ্রয় কিনা,শাসক দল বা বিরোধী দলের কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। তাঁর কথায়, “আমি অত্যন্ত ব্যথিত। এতদিন মানুষের কাজ করে এভাবে মার খেতে হল। যে আমাকে মেরেছে, তার সঙ্গে আমার কোন বিরোধ নেই, বস্তুত কারোর সঙ্গেই কোন বিরোধ নেই।” শ্রীরামপুর থানার পুলিশ ঘটনা তদন্ত করে দেখছে।।