Gold Buying Tips: ধনতেরাসে সোনা কেনা কি জরুরি? কোন জিনিস ভুল করেও কিনবেন না, যাতে লক্ষ্মী অসন্তুষ্ট না হন! – Bengali News | Dhanteras 2025: What to Buy on Dhanteras, Avoid The Costly Mistakes That Could Land You in Financial Problems Before Buying Gold
ধনতেরাসে সোনা কেনা কি জরুরি? কোন জিনিস ভুল করেও কিনবেন না, যাতে লক্ষ্মী অসন্তুষ্ট না হন!Image Credit: PTI
কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথি হল ধনতেরাস। যা এ বছর ১৮ অক্টোবর, ২০২৫ (শনিবার) পালিত হবে। এদিন থেকে পাঁচ দিনব্যাপী দীপাবলির উৎসব শুরু হয়ে যায়। মনে করা হয়, এই শুভ দিনে কেনাকাটা করলে ঘরে সারা বছর সুখ, শান্তি ও সমৃদ্ধি বজায় থাকে। ধনতেরাসের দিন ধনসম্পদের দেবী লক্ষ্মী, ধনদেবতা কুবের এবং স্বাস্থ্যের দেবতা ধন্বন্তরির পুজো করা হয়। কিন্তু ভুল করে কিছু জিনিস কিনলে তা আর্থিক সমস্যার কারণ হতে পারে। তাই সোনা বা অন্য কিছু কেনার আগে জেনে নিন, এই দিনে কী কিনবেন আর কী কী কেনার কথাও ভাববেন না।
ধনতেরাসের দিন কেনাকাটার শুভ সময়
১৮ অক্টোবর, ২০২৫ (শনিবার) ধনতেরাস পুজোর শুভ সময় হল সন্ধ্যে ৭টা ১৬ মিনিট থেকে রাত ৮টা ২০ মিনিট পর্যন্ত। এই সময়ের মধ্যে কেনাকাটা করলে সবচেয়ে শুভ ফল মিলবে।
ধনতেরাসে কী কী কিনবেন, যা জীবনে সমৃদ্ধি নিয়ে আসবে
ধনতেরাস মানেই যে শুধু সোনা কিনতে হবে, তা নয়। আপনার বাজেট অনুযায়ী শুভ ফল পেতে নিম্নে উল্লিখিত জিনিসগুলি কিনতে পারেন—
১. সোনা ও রুপো – এগুলি চিরন্তন সম্পদ। দেবী লক্ষ্মীর প্রতীকও। সোনা অবিরাম সমৃদ্ধি ও রুপো সংসারের পবিত্রতা নিয়ে আসে।
২. নতুন বাসনপত্র – বিশেষ করে তামা বা পিতলের বাসন কেনা শুভ। এটি কিনলে সংসারে খাদ্যের অভাব দূর করে। প্রচলিত বিশ্বাস বাসন কখনও খালি হাতে ঘরে আনা ভাল নয়। ভেতরে চাল বা মিষ্টি ভরে আনা শুভ।
৩. ঝাড়ু – ঝাড়ুকে লক্ষ্মীর প্রতীক মনে করা হয়। ধনতেরাসের দিন নতুন ঝাড়ু কেনা মানে ঘর থেকে দারিদ্র্য ও নেতিবাচকতাকে বাইরে বের করে দেওয়া।
৪. লক্ষ্মী-গণেশ মূর্তি – ধনতেরাসের দিন লক্ষ্মী ও গণেশের নতুন মূর্তি বা ছবি কিনলে ঘরে সুখ-সমৃদ্ধি আসে এবং সব কাজে বাধা কেটে যায়। নতুন পথ প্রশস্ত হয়।
৫. ধনে বীজ – এটিও সমৃদ্ধির প্রতীক। সামান্য ধনে কিনে দেবী লক্ষ্মীর চরণে অর্পণ করলে সারা বছর আর্থিক উন্নতি হয়।
৬. ইলেকট্রনিক্স – বর্তমানে ধনতেরাসের দিন ফ্রিজ, টিভি, ল্যাপটপ বা অন্য কোনও ইলেকট্রনিক জিনিস কেনা শুভ বলে মনে করা হয়। যা আধুনিক জীবনে উন্নতি ও সুযোগের প্রতীক।
ধনতেরাসের দিন যে জিনিসগুলি ভুল করেও কিনবেন না—
ধনতেরাসের শুভ দিনে কিছু জিনিস কেনা অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। এই জিনিসগুলি ঘরে নেতিবাচকতা এবং আর্থিক সমস্যা নিয়ে আসতে পারে। নিম্নে তা নিয়ে আলোচনা করা হল।
ধারালো জিনিস: ছুরি, কাঁচি, পিন বা সূঁচের মতো ধারালো কোনও জিনিস এই দিনে কেনা থেকে বিরত থাকুন। অনেকের বিশ্বাস, এই জিনিসগুলি সৌভাগ্যের পথে বাধা দিতে পারে।
কালো রঙের জিনিস: কালো রং সাধারণত শোক বা নেতিবাচকতার প্রতীক। এই শুভ দিনে কালো রঙের পোশাক বা কালো রঙের কোনও সামগ্রী কেনা উচিত নয়।
লোহা বা স্টিলের বাসন: যদিও বাসন কেনা শুভ, কিন্তু এই বছর শনিবার ধনতেরাস পড়ায় লোহা বা স্টিলের জিনিস এড়িয়ে চলাই ভাল। জ্যোতিষ মতে, শনিবার লোহা কিনলে শনি গ্রহের অশুভ প্রভাব পড়তে পারে।
কাঁচের জিনিসপত্র: কাঁচকে ভঙ্গুর বা দুর্বল বলে মনে করা হয়। যা আর্থিক স্থিতিশীলতার অভাব বা নেতিবাচক শক্তিকে আকর্ষণ করতে পারে। তাই কাঁচের বাসন বা শো-পিস কেনা এড়িয়ে চলুন।
তেল বা ঘি: অনেকে বিশ্বাস করেন, ধনতেরাসের দিন ঘি বা তেল কেনা শুভ নয়, কারণ এটি আর্থিক ক্ষতির প্রতীক। যদি প্রয়োজন হয়, তবে একদিন আগেই কিনে রাখা ভাল।
ফাঁকা পাত্র: কোনও নতুন বাসন বা পাত্র কিনলে তা কখনও খালি অবস্থায় ঘরে আনবেন না। ভেতরে চাল, শস্য বা সামান্য মিষ্টি ভরে তবেই ঘরে প্রবেশ করা ভাল।
ধনতেরাস শুধু সোনা কেনার দিন নয়, এটি একটি বিশ্বাস। নিজের ক্রয় ক্ষমতা অনুযায়ী ছোট বা বড় যে কোনও জিনিস কিনতে পারেন, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হল আপনার ভক্তি ও বিশ্বাস। উপরে দেওয়া তালিকা মেনে চললে ভাল ফল মিলতে পারে। মনের মধ্যে ধন-সম্পদের প্রতি কৃতজ্ঞতা রেখে শুভক্ষণে কেনাকাটা করাই শ্রেয়।
বিঃ দ্রঃ- এই প্রতিবেদনের বক্তব্য হিন্দু শাস্ত্র থেকে প্রাপ্ত তথ্য। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Banglaর।