Israel-Hamas: দেহ মিলছে না! হামাস বন্দি বদলে দিল? চাঞ্চল্যকর দাবি ইজরায়েলের – Bengali News | Israel Claims One of 4 Bodies Returned by Hamas doesn’t Match
হামাসের ফেরত দেওয়া বন্দিরা।Image Credit: PTI
গাজা: ইজরায়েল-হামাসের মধ্যে বন্দি আদান-প্রদান চলছে। শান্তিচুক্তি শুরু হতে না হতেই বিরাট দাবি ইজরায়েলি সেনার। বুধবার ইজরায়েলি সেনা দাবি করল, হামাস যে দেহগুলি তুলে দিয়েছে বন্দিদের, তাদের মধ্যে একজন বন্দির দেহ মিলছে না।
মঙ্গলবারই শান্তিচুক্তির অধীনে হামাস বন্দিদের ইজরায়েলের হাতে তুলে দেয়। শর্ত ছিল, জীবিত বা মৃত অবস্থায় বন্দিদের দেহ তুলে দিতে হবে। হামাস সেই শর্ত অনুযায়ী সোমবার ২০ জন জীবিত ও ৪ জন নিহত বন্দির দেহ তুলে দেওয়া হয়। আরও ৪ জন বন্দির দেহ তুলে দেয় মঙ্গলবার। সব মিলিয়ে হামাসের মোট ২৮ জনের দেহ তুলে দেওয়ার কথা।
মঙ্গলবার হামাসের ফেরত দেওয়া ৪ জনের দেহের ফরেন্সিক পরীক্ষা করানো হয়। এর মধ্যেই একজন বন্দির দেহ মিলছে না। ইজরায়েল সেনা সতর্ক করে বলেছে, “হামাসকে নিহত বন্দিদের দেহ ফেরত দিতে হবে”। ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুও হুমকি দিয়েছেন যে শান্তিচুক্তির সমস্ত শর্ত পূরণ করতেই হবে হামাসকে। এই নিয়ে কোনও সমঝোতা করা যাবে না।
এএফপি-র রিপোর্ট অনুযায়ী, সোমবার ট্রাম্পের শান্তিচুক্তির অধীনে হামাস ২০ জন বন্দি ও ৮ জনের দেহ ফেরত দিয়েছে। এর মধ্যে একজন নেপালি, ৬ জন ইজরায়েলি রয়েছে। অষ্টম দেহ নিয়েই ধন্দ তৈরি হয়েছে।
এদিকে, ইজরায়েলও বন্দিদের মুক্তি দিয়েছে। গাজার একটি হাসপাতাল জানিয়েছে, ৪৫ জন প্যালেস্তাইনির দেহ ফেরত পাঠিয়েছে ইজরায়েল।
আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই শান্তিচুক্তিতে পৌরহিত্য করেছেন। তাঁর তৈরি করা শর্ততেই বলা হয়েছিল, জীবিত হোক বা মৃত, সকল বন্দিকে ফেরত দিতে হবে।
প্রসঙ্গত, এই প্রথম নয় যে হামাস ভুল দেহ ইজরায়েলের হাতে তুলে দিয়েছে। এর আগে চলতি বছরের শুরুতেই যখন হামাস এক মহিলা ও দুই সন্তানের দেহ তুলে দিয়েছিল, তখন জানা গিয়েছিল যে হামাসের তুলে দেওয়া দেহ আসলে প্যালেস্তাইনি মহিলার।