Devi Chowdhurani: গ্রামবাংলার ‘লেডি রবিনহুড’ দেবী চৌধুরাণীর এই গল্প জানতেন আগে? – Bengali News | Was Bankim Chandra’s Devi Chaudhurani alive in real life?
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসভিত্তিক দেবী চৌধুরাণী মুক্তি পেয়েছে সম্প্রতি। দেবীর ভূমিকায় অভিনয় করেছেন শ্রাবন্তী। তবে এই মহীয়সী নারী আসলে কে? কীভাবে ভবানী পাঠকের শিক্ষায়, নেতৃত্বে, তৎকালীন শাসকশক্তির বিরুদ্ধে হাতে অস্ত্র তুলে নিয়েছিলেন ‘দেবী চৌধুরাণী’? সালটা ১৭৭০। ১৭৫৭-এর পলাশির যুদ্ধে ব্রিটিশ রাজের সামনে মাথা নুইয়েছেন বাংলার সর্বশেষ স্বাধীন নবাব সিরাজ-উদ-দৌল্লা। তারপর থেকে ক্রমশ ব্রিটিশদের লুঠতরাজ আরও বেড়েছে। উত্যক্ত দেশবাসী। এমতাবস্থায় বিদ্রোহের প্রথম আগুন ছড়িয়েছিল সন্ন্যাসী বিদ্রোহ। এরই মাঝে ঘন জঙ্গলের মাঝে শ্বশুরঘর ত্যাজ্য প্রফুল্লকে ইস্পাতে পরিণত করেন ভবানী পাঠক। এক সাদামাটা, কোমলস্বভাবা নারী কীভাবে ‘ডাকাতসম্রাজ্ঞী’ হয়ে উঠলেন?
আপন করেনি কেউ, তাও কীভাবে ঘুরে দাঁড়ালেন প্ৰফুল্ল?
তৎকালীন অবিভক্ত বাংলার এক ছোট গ্রামে বাস করতেন এক তরুণী—নাম প্রফুল্ল। শান্ত, লাজুক, অথচ অন্তরে চাপা আগুন। ছোটবেলাতেই বিয়ে হয়েছিল ব্রজমোহন নামে এক জমিদারপুত্রের সঙ্গে, কিন্তু এই বিয়ে সমাজ মেনে নেয়নি। অপমান, অন্যায়ের মুখে ব্রজমোহন পালিয়ে যায়, আর প্রফুল্ল রয়ে যায় একা, অসহায়। দিন কাটছিল অবজ্ঞা আর অশ্রুতে। সমাজ তাঁকে ত্যাগ করল, পরিবার মুখ ফিরিয়ে নিল কিন্তু, ওই যে বলে ললাটের লিখন! ভাগ্য যেন অন্য কিছু লিখে রেখেছিল তার জন্য। এক রাতে, প্রফুল্ল পড়ে গেলেন ডাকাত দলের হাতে—সন্ন্যাসী দস্যুর নাম ভবানী পাঠক।
প্ৰফুল্লর জীবনে ঝড় নিয়ে এলেন ভবানী পাঠক, বিপ্লবের আগুনে পুড়ে তিনি হয়ে উঠলেন ‘দেবী’
প্রথমে ভয়, তারপর বিস্ময়—প্রফুল্ল দেখলেন এই ডাকাতরা আসলে অন্য রকম। তারা শুধু ধন লুট করে না, তারা রুখে দাঁড়াচ্ছে সমাজশাসকদের অন্যায়ের সম্মুখে অর্থাৎ , ব্রিটিশ শাসনের বিরুদ্ধে। ভবানী পাঠকের প্রফুল্লের ভিতরে কিছু একটা দেখলেন, দীর্ঘদিনের অভিজ্ঞতায় তাঁর চোখে ধরা পড়ল আগুন। তিনি তাঁকে আশ্রয় দিলেন। আর এখান থেকেই শুরু হল এক নারীর রূপান্তর—প্রফুল্ল থেকে দেবী চৌধুরাণী। তখন দেবী শুধু অস্ত্র ধরেননি, তাঁর হাতে উঠে এল ন্যায় আর সাহসের ধ্বজা। বনে জঙ্গলে, নদীর তীরে, রাতে তিনি নেতৃত্ব দিতেন ডাকাতদের বাহিনীকে। গরিবের ধন ফিরিয়ে দিতেন, শোষকের বিরুদ্ধে দাঁড়াতেন। ব্রিটিশরা ভয়ে কাঁপত, কারণ “দেবী” তখন অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের প্রতীক। ব্রিটিশদের লোকগল্পের ‘রবিনহুড’ যেন বাংলায় নারীরূপে তাঁদেরই বিরুদ্ধে রুখে দাঁড়াল!
যে নারীকে সমাজ ত্যাগ করে, ইতিহাস তাকে দেবী করে তোলে…
গপ্পোকথা তো শুনলেন। জানলেন। তবে বাস্তবে এই দেবী চৌধুরাণী যে কে সে বিষয়ে ধোঁয়াশা বেশ ঘন। দেবী সম্পর্কে খুব বেশি ইতিহাস সংরক্ষিত হয়নি। বহু ইতিহাসবিদের মতে, তিনি রংপুরের কাউনিয়া উপজেলার শিবুকুণ্ঠিরাম গ্রামের ব্রজ কিশোর রায় চৌধুরী ও কাশীশ্বরী দেবীর মেয়ে জয়দূর্গাদেবী। পীরগাছার জমিদার নারায়ণ চন্দ্র চৌধুরীর সঙ্গে তার বিয়ে হয় এবং সন্ন্যাস বিদ্রোহের সময় তিনি নাকি জমিদার ছিলেন। যদিও ইংরেজ সরকারের তৎকালীন নথিতে দেবী চৌধুরানী নামে কোনও জমিদারের উল্লেখ নেই। বৈকন্ঠপুরের গবেষক উমেশ শর্মা এ প্রসঙ্গে জানান, ভবানী পাঠক খুব সম্ভবত উত্তরপ্রদেশের বাসিন্দা ছিলেন। সেই সময় স্থানীয় মানুষেরা উত্তরপ্রদেশের বাসিন্দাদের দিল্লিভিটার বাসিন্দা বলতেন। বৈকন্ঠপুরের খরখরিয়া হাট সংলগ্ন নিম নদীর ধারে এক এলাকার নাম ছিল চাঁদের হাট, সেখানেই নাকি ভবানী পাঠক থাকতেন। ওই এলাকাটি তাই পরবর্তীতে দিল্লিভিটা চাঁদের খাল নামে পরিচিত হয়ে ওঠে। তবে এই সাংকেতিক নামটি কারা ব্যবহার করত, সে সম্পর্কে সন্দিহান ইতিহাসবিদরাই।
ইংরেজদের বিরুদ্ধে লড়াইয়ে ভবানী পাঠক-জয়দুর্গা ঘাঁটি তৈরি করেন শিকারপুর চা বাগানের জঙ্গলে
পশ্চিমবঙ্গের দুর্গাপুর, নদিয়া এবং জলপাইগুড়ি-এই তিন স্থানে দেবী চৌধুরাণীর মন্দির রয়েছে আজও। তিনটি মন্দির রয়েছে জলপাইগুড়িতে। যদিও এই মন্দিরগুলোর সঙ্গে কীভাবে জড়িয়ে গেল ভবানী পাঠক ও দেবীর নাম, তা খুব একটা স্পষ্ট নয়। ঐতিহাসিক নথিতে সরাসরি দেবী চৌধুরাণীকে নিয়ে বলা নেই কিছুই। তবে লেফটেন্যান্ট ব্রেনানের রিপোর্ট, ডব্লিউ ডব্লিউ হান্টারের স্ট্যাটিস্টিক্যাল অ্যাকাউন্টস অব বেঙ্গল-রংপুর-ইত্যাদিতে পাওয়া যায় শিবচন্দ্র, জয়দুর্গা এবং ভবানী পাঠকের নাম। ইতিহাসের পুরোনো নথিতে দেবী চৌধুরাণীর সরাসরি উল্লেখ না থাকলেও একই টাইমলাইনে ‘জয়দুর্গা’ নামে আর এক মহিলার তথ্য পাওয়া যায়। জলপাইগুড়ির ইতিহাস নিয়ে দীর্ঘদিন যাবৎ গবেষণা করেছেন উমেশ শর্মা। তাঁর মতে, দর্পদেব রায়কত যখন জলপাদইগুড়ির জমিদার ছিলেন, তখন গোটা এলাকাটা রংপুর জেলার মধ্যেই পড়ত। জয়দুর্গার সঙ্গে দর্পদেবের পরিচয়ও ছিল। ইংরেজদের বিরুদ্ধে একসঙ্গেই লড়েছিলেন তাঁরা। ১৭৭৩ সালে ইংরেজদের সঙ্গে দর্পদেবের তিস্তাপক্ষের যুদ্ধ হয়। দীর্ঘ ১৮ বছর ইংরেজদের হাতে বন্দি হয়ে থাকেন তিনি। অনেক ইতিহাসবিদের মতে, ইংরেজদের বিরুদ্ধে লড়াইয়ের সময় ভবানী পাঠক আর জয়দুর্গা ঘাঁটি তৈরি করেন শিকারপুর চা বাগানের জঙ্গলেই।
আদৌ রক্তমাংসে তাঁর অস্তিত্ব ছিল দেবী চৌধুরাণীর?
জলপাইগুড়ির রাজগঞ্জ ভেলাকোপায় আজও দেবী চৌধুরাণীর মন্দির রয়েছে। একটি প্রাঙ্গণ ঘিরে মন্দিরের অবস্থান। এখানে দেবী দুর্গার পাশাপাশি দেবী চৌধুরাণী এবং ভবানী পাঠকের মূর্তিও রয়েছে। রক্ষণাবেক্ষণের অভাবে মন্দিরটি বর্তমানে জীর্ণ, ধ্বঙ্সস্তূপে পরিণত হয়েছে। এ বাংলার দুর্গাপুরেও ভবানী পাঠকের নামে একটি মন্দির রয়েছে। সময়ের পলি পড়েছে তার গায়েও। তবে দেবীর গল্প আজও রয়ে গিয়েছে লোকমুখে, বাঙালির মননে। প্রীতিলতা ওয়াদ্দেদার, বীনা দাস বা বাসন্তী দেবীর মতো মহিলা বিপ্লবীদের বহু আগেই বাংলায় কথিত ছিল দেবী চৌধুরাণীর নাম। তাঁর লড়াইয়ের ধরন বা বিপ্লবের আঙ্গিকে দেবী চৌধুরাণীর লড়াই ঐতিহাসিকদের মনে প্রশ্ন জাগায় বারংবার, আদৌ রক্তমাংসে তাঁর অস্তিত্ব ছিল কি না―সে নিয়েও দ্বন্দ্ব প্রচুর। তবে বাঙালির কাছে প্রফুল্ল মানেই আজও সুচিত্রা সেন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রফুল্ল, চলচিত্রে প্রথম অভিনয় করেছিলেন সুমিত্রা দেবী। তারপর ১৯৭৪ সালে দীনেন গুপ্তের পরিচালনায় মহানায়িকা সুচিত্রা সেন করেন দেবী চৌধুরানী। তখনই ঠিক হয়ে যায় বেঞ্চমার্ক। এরপর অবশ্য তাঁর কন্যা মুনমুন সেন টেলিভিশনে ধারাবাহিক দেবী চৌধুরানিতে অভিনয় করেন। বা আজ আমরা দেখেছি শ্রাবন্তীকে। কিন্তু সত্যি বলতে কী, প্রফুল্ল হিসাবে সুচিত্রা সেনকেই আজও টাচ করতে চায় বাঙালি। আপনি কী বলেন, জানান কমেন্ট বক্সে। দেখতে থাকুন টিভি নাইন বাংলা, ডিজিটাল।