Hooghly: পাণ্ডুয়ায় সমবায় সমিতিতে জয় তৃণমূলের, তারপরও কেন খুশি সিপিএম-বিজেপি? – Bengali News | TMC wins in a cooperative society election in Pandua
সমবায় সমিতির ফল নিয়ে কী বলছে তৃণমূল?Image Credit: TV9 Bangla
পাণ্ডুয়া: ২৪ ঘণ্টা আগে পাণ্ডুয়ায় একটি সমবায় নির্বাচনে তাদের হারিয়েছিল বামেরা। উড়েছিল লাল আবির। রবিবার পাণ্ডুয়ায় অন্য একটি সমবায় নির্বাচনে উড়ল সবুজ আবির। তৃণমূল বোর্ড ধরে রাখল। তবে আসন বাড়ল সিপিএম-র। খাতা খুলল বিজেপিও।
গতকাল পাণ্ডুয়ার শ্রীরামবাটি সমবায় তৃণমূলের থেকে ছিনিয়ে নিয়েছিল বাম সমর্থিত প্রার্থীরা। তবে এদিন শিবনগর জাহিরা সমবায় সমিতি জিতে নিল তৃণমূল। ওই সমবায়ে এদিন ভোটগ্রহণ হয়। মোট ৭৫টি আসনের মধ্যে ৬টি আসনে ভোট হয়নি। বাকি ৬৯টি আসনের মধ্যে ৬টি আসনে তৃণমূল বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতে। বাকি ৬৩টি আসনের মধ্যে ৩৯টি জেতে তৃণমূল। তাদের মোট আসন সংখ্যা দাঁড়ায় ৪৫টি। বাম সমর্থিতরা পায় ১১টি আসন। বিজেপি সমর্থিতরা পায় ১২টি, কংগ্রেস পায় ১টি আসন।
সকাল দশটা থেকে কড়া পুলিশি নিরাপত্তায় তালবোনা রাধারানী উচ্চ বিদ্যালয়ে এবং রামনগর প্রাথমিক বিদ্যালয় এই নির্বাচন হয়। প্রায় তিন হাজার সমবায় সদস্য ভোট দেন। বিকাল পাঁচটার পর গণনা শেষে দেখা যায় তৃণমূল সমর্থিত প্রার্থীরা জয়ী হয়েছেন।
গণনা শেষে সবুজ আবির উড়িয়ে বিজয়োল্লাসে মাতেন তৃণমূল কর্মী সমর্থকরা। সেখানে উপস্থিত হয়ে হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সঞ্জয় ঘোষ বলেন, “এই জয় উন্নয়নের জয়। এর থেকে বোঝা যাচ্ছে আগামী ছাব্বিশের নির্বাচনে পঞ্চাশ হাজারের বেশি ভোটে পাণ্ডুয়ায় জিতবে তৃণমূল।”
যদিও বিজেপির পাণ্ডুয়া মণ্ডল ১ সভাপতি সুব্রত দেওয়ান বলেন, “শাসকদলের নানা বাধা অতিক্রম করে মানুষ ভোট দিয়েছেন। এই ফলাফল দেখে বোঝা যাচ্ছে মানুষ আমাদের সঙ্গে আছে। আমরা বিশ্বাস করি, পাঁচ বছর পরে এই সমবায়ে আবার নির্বাচন হলে গেরুয়া পতাকা উড়বে।”
সিপিআইএম-এর প্রদীপ সাহা বলেন, “পাঁচ বছর পর ভোট হল। গত বোর্ডে আমাদের ছিল দুটি আসন। এবার হয়েছে ১১টি। কয়েকটি আসনে খুব কম ব্যবধানে হার হয়েছে। আমাদের ভোট বেড়েছে। তৃণমূলের আসন গতবারের থেকে কমেছে।”