গাজায় সংঘর্ষবিরতি তাঁর সাফল্যের তালিকায় অষ্টম! এবার ট্রাম্পের নজরে কাবুল বনাম ইসলামাবাদ – Bengali News | Trump’s Tariff Ultimatum: 200% Slap on India Pak to Force Truce – Gaza Ceasefire Just the Start of His Global Peace Blitz
এবার কোন যুদ্ধ থামাবেন ট্রাম্প?Image Credit: X
ওয়াশিংটন: ইজরায়েল ও হামাসের মধ্যে বন্দী প্রত্যার্পণ চুক্তি করাতে মিশরগামী এয়ারফোর্স ওয়ানে উঠে আবার ট্রাম্প দাবি করলেন, তাঁর মতো বিশ্বব্যাপী এতগুলো যুদ্ধ কেউ থামায়নি। তাঁর সাফল্যের তালিকার সর্বশেষ উদাহরণ- হামাস ও ইজরায়েলের মধ্যে সংঘর্ষবিরতি। এই নিয়ে দুনিয়া জুড়ে আটটা পূর্ণাঙ্গ যুদ্ধ থামিয়েছেন বলেও সাংবাদিকদের কাছে দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট। সম্প্রতি পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সংঘর্ষেও যে তাঁর নজর রয়েছে, সেটা জানাতেও ভুললেন না।
ট্রাম্প আজ সাংবাদিকদের বলেন, ‘শুল্ক চাপানোর হুঁশিয়ারি দিয়ে আমি বেশ কয়েকটি যুদ্ধ থামিয়েছি। এই যেমন ভারত ও পাকিস্তানের মধ্যেই ধরুন না। আমি বলেছিলাম, তোমাদের কাছে পারমাণবিক বোমা রয়েছে। তাও যদি তোমরা দুজনে যুদ্ধ চালিয়ে যাও, তাহলে আমি বড়সড় শুল্ক চাপাবো। সেটা ১০০, ১৫০ এমনকী ২০০% হতে পারে।’
মিশর যাওয়ার পথে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই দাবি করেন ট্রাম্প। তবে ট্রাম্প যতই দাবি করুন না কেন, ভারত বরাবর সংঘর্ষ থামাতে মার্কিন হস্তক্ষেপের দাবি অস্বীকার করেছে। বরং পাক সেনাই ভারতের হাতেপায়ে ধরে সংঘর্ষবিরতি চেয়েছে বলে জানিয়েছে নয়াদিল্লি।
ট্রাম্প আরও জানিয়েছেন, গাজায় সংঘর্ষবিরতি পর তাঁর পরবর্তী লক্ষ্য কাবুল বনাম ইসলামাবাদের সংঘর্ষ থামানো। ট্রাম্প বলেন, ‘এই নিয়ে আটটা যুদ্ধ আমি থামালাম। আমার কানে এসেছে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যেও যুদ্ধ শুরু হয়েছে। আমি ফেরা পর্যন্ত ওদের অপেক্ষা করতে হবে। কারণ, আমার চেয়ে ভাল যুদ্ধ কেউ থামাতে পারে না।’
যুদ্ধ থামাতে তিনি এতটা দক্ষ বলেই নোবেল শান্তি পুরস্কারের জন্য তিনি নিজের নাম একাধিক বার সুপারিশ ওড়েছিলেন, সেটাও জানাতে ভোলেননি। তবে শেষ পর্যন্ত চিড়ে ভেজেনি। কিন্তু ট্রাম্প তাতেও না দমে এদিন যোগ করেছেন, তিনি যে যে যুদ্ধ থামিয়েছেন তার এক একটা ৩৫, ৩৭ বছর ধরে চলছিল। ‘এক দিনে যুদ্ধ থামিয়ে আমি লক্ষ লক্ষ প্রাণ বাঁচিয়েছি।’, এয়ার ফোর্স ওয়ানে বসে এই দাবি আজ আবার করলেন ট্রাম্প।