Malda: প্রেমের ফাঁদে ফেলে চাকরির প্রতিশ্রুতি, লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে ধৃত যুবক – Bengali News | Malda Youth arrested for allegedly embezzling lakhs of rupees by promising a job under the trap of love
মালদহ: প্রেমের ফাঁদে ফেলে, চাকরির প্রলোভন দেখিয়ে লক্ষ টাকা হাতিয়ে নিয়ে প্রতারণার অভিযোগ। মালদহের চাঁচলের যুবক গ্রেফতার। মালদহের চাঁচলের দক্ষিণপাড়া এলাকার একটি বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করে বারাসত ও মালদহের চাঁচল থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত যুবকের নাম অসীম সরকার। জানা গিয়েছে, তিনি ওই এলাকায় একটি বাড়িতে ভাড়া নিয়ে থাকতেন।
সম্প্রতি বিধান নগর সাইবার ক্রাইমে তাঁর নামে অভিযোগ দায়ের হয়। অভিযুক্ত যুবক নিজেকে বিভিন্ন বেসরকারি সংস্থা ও সরকারি দফতরের ‘যোগাযোগ কর্মকর্তা’ হিসাবে পরিচয় দিতেন। অভিযোগ, ওই পরিচয় ব্যবহার করে তিনি এক তরুণীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করেন এবং পরবর্তীতে চাকরি দেওয়ার নাম করে কয়েক লক্ষ টাকা নেন।
কিন্তু অভিযোগ, চাকরি তো দূরের কথা, টাকার পাওয়ার পরেও কোনও চাকরির প্রক্রিয়া শুরু হয়নি দেখে সন্দেহ জাগে তরুণীর। এরপর একাধিক ওই তরুণী ওই যুবকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করতে থাকেন। প্রথমে বেশ কয়েকবার ফোনও ধরেন। কথার জালে ঝুলিয়ে রাখেন। এরপর ধীরে ধীরে ওই তরুণীর ফোন ধরাও বন্ধ করে দেন বলে অভিযোগ। পরে বিষয়টি বিধান নগর সাইবার ক্রাইম পুলিশের কাছে জানান তিনি।
এরপরই বারাসত থানার পুলিশ মালদার চাঁচলে গিয়ে চাঁচল থানার পুলিশের সঙ্গে যোগাযোগ করে। ওই যুবকের সম্পর্কে তথ্য সংগ্রহ করে পুলিশ। এরপর শুক্রবার সকালে অতর্কিতে ওই যুবকের ভাড়ার বাড়িতে উপস্থিত হন তদন্তকারীরা। সে সময়ে বাড়িতেই ছিলেন অভিযুক্ত। তাঁকে গ্রেফতার করে থানায় নিয়ে যায় পুলিশ। এরকম আর ক’জনের সঙ্গে তিনি এরকম প্রতারণা করেছেন, এর পিছনে কোনও চক্র সক্রিয় কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।