মধ্যরাতে বিপদ! এক ফোনে সাহায্য পাঠাবেন জ্যাকি শ্রফ, জানেন কীভাবে? – Bengali News | Jackie shroff great initiative for 100 families know all details
বলিউড অভিনেতা জ্যাকি শ্রফ শুধু পর্দাতেই নন, বাস্তব জীবনে মস্ত নায়ক। অনেকেই হয়তো তাঁর এই বিষয় খুব একটা খবর রাখেন না। তবে একশ্রেণী তাঁর মানবিক কাজ দেখে বেজায় আপ্লুত। অসংখ্য ভক্তই সোশ্যাল মিডিয়ায় তাঁকে অভিনন্দন জানিয়ে লিখছেন—”এইরকম তারকাই আমাদের সমাজের দরকার।” ভাবছেন তো, কী এমন কাজ করলেন জ্যাকি শ্রফ! সমাজের অনেক বিপদে কিংবা প্রযোজনেই সেলিব্রিটিরা যথাসম্ভব সাহায্যের হাত বাড়ান। সেই তালিকায় রয়েছেন জ্যাকি শ্রফও।
জ্যাকি শ্রফের জীবন শুরু হয়েছিল চরম দারিদ্র্যের মধ্যে। মুম্বইয়ের ওয়াকেশ্বর এলাকায় একটি ছোট পরিবারে তাঁর জন্মে। এমনও দিন গিয়েছে, যখন রাতে ঘুমোনোর সময় ইঁদুর এসে তাঁর আঙুল কামড়ে দিত। কিন্তু এই কষ্টগুলোকে পাথেয় করেই সামনে এগিয়ে গেছেন তিনি। একদিন বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকার সময় পরিচালক সুভাষ ঘাইয়ের চোখে পড়েন জ্যাকি। সেখান থেকেই তাঁর বলিউড যাত্রা শুরু হয় ‘হিরো’ ছবির মাধ্যমে। আজ তিনি সাফল্যের শীর্ষে, তবু কখনও ভোলেননি তাঁর শিকড়।
এই অভিজ্ঞতা থেকেই জ্যাকি শ্রফ আজও সাহায্যের হাত বাড়িয়ে দেন অসহায় মানুষদের দিকে। জানা যায়, তিনি প্রায় ১০০টি দরিদ্র পরিবারের দায়িত্ব নিয়েছেন। মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে দরিদ্র রোগীদের জন্য একটি স্থায়ী অ্যাকাউন্ট খুলেছেন, যেখানে নিয়মিত অনুদান দেন চিকিৎসার খরচ চালানোর জন্য। এমনকি তাঁর স্ত্রী আয়েশা জানিয়েছেন, জ্যাকি নিজের আয়ের প্রায় ৫০ শতাংশই ব্যয় করেন দুঃস্থদের জন্য।
পালি হিল এলাকার বহু অসহায় মানুষের কাছে তাঁর ব্যক্তিগত ফোন নম্বর রয়েছে। জ্যাকি নিজেই বলেন, “রাতে যদি না খেয়ে থাকতে হয়, ফোন করো, আমি খাবার পাঠাব।” রুপোলি দুনিয়ার এই তারকা তাঁর কাজে প্রমাণ করেছেন—নায়ক শুধু পর্দায় নয়, মানুষের বিপদে আশ্রয়ও বটে।