Malda Kidnap: ঘিরে ফেলল পুলিশ... দেখেই বাইক থেকে ছুড়ে ফেলল শিশুকে, দিনের আলোয় ভয়ঙ্কর কাণ্ড হরিশ্চন্দ্রপুরে - Bengali News | Malda Kidnap Case: How police rescued little girl, arrested kidnapper - 24 Ghanta Bangla News
Home

Malda Kidnap: ঘিরে ফেলল পুলিশ… দেখেই বাইক থেকে ছুড়ে ফেলল শিশুকে, দিনের আলোয় ভয়ঙ্কর কাণ্ড হরিশ্চন্দ্রপুরে – Bengali News | Malda Kidnap Case: How police rescued little girl, arrested kidnapper

Spread the love

পুলিশের কোলে আহত শিশুImage Credit: TV9 Bangla

মালদহ: দিনের আলোয় রাস্তা থেকে তুলে নিয়ে যাওয়া হল তিন বছরের শিশুকে! কিছুক্ষণের মধ্যেই ব্যর্থ চেষ্টা। পুলিশের ধাওয়া করায় কোনও ক্রমে উদ্ধার করা হয় শিশুকে। পুলিশের হাত থেকে বাঁচতে মোটরবাইক থেকে ফেলে দেওয়া হয় ওই শিশুকে। এক অপহরণকারীকে গ্রেফতারও করেছে পুলিশ। আর এক অভিযুক্তকে ধরা সম্ভব হয়নি এখনও।

শিশুকে নিয়ে গিয়ে হাসপাতালে চিকিৎসা করিয়েছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে। কী কারণে অপহরণ, তা খতিয়ে দেখা হচ্ছে। বুধবার দুপুরে মালদহের হরিশ্চন্দ্রপুরের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েত এলাকার কোতল গ্রামে এই ঘটনা ঘটেছে। জানা গিয়েছে, পার্শ্ববর্তী গ্রাম থেকে তিন বছরের ওই নাবালিকা দাদুর বাড়িতে এসেছিল। ভাই-বোনেদের সঙ্গে রাস্তায় বেরিয়ে ছিল আইসক্রিম কেনার জন্য।

সেই সময় হঠাৎ ফিল্মি কায়দায় মোটর বাইকে করে দুই যুবক এসে ওই শিশুকে নিয়ে চম্পট দেয়। এলাকার মানুষ পিছু ধাওয়া করে। খবর দেওয়া হয় হরিশ্চন্দ্রপুর থানার পুলিশকে। পুলিশ হরিশ্চন্দ্রপুর থেকে বেরনোর সব পথ ঘিরে ফেলে। এরপর পার্শ্ববর্তী চাঁচল থানার পুলিশকেও খবর দেওয়া হয়। বিহারের বিভিন্ন নাকা চেকপোস্টগুলিও পুলিশ ঘিরে ফেলে। তারপরেই জালে আসে এক অপহরণকারীরা।

পুলিশকে দেখে মোটরবাইক থেকে ওই শিশুকে ফেলে পালানোর চেষ্টা করে তারা। একজন পালিয়ে গেলেও আর একজনকে ধরে ফেলে পুলিশ। হরিশ্চন্দ্রপুর থানার এসআই জাকির হোসেনের নেতৃত্বে মেলে এই সাফল্য। ধৃতের নাম ছোটন নাগ। তিনি মালদহের হরিশ্চন্দ্রপুর সদর এলাকার বাসিন্দা। এর আগেও বিভিন্ন অপরাধের সঙ্গে যুক্ত ছিলেন ওই যুবক। অন্যদিকে মোটরবাইক থেকে ফেলে দেওয়ার ফলে মাথায় চোট পায় ওই নাবালিকা। এরপর পুলিশ তাকে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়।

আইসি মনোজিৎ সরকার, এসডিপিও সোমনাথ সাহা দাঁড়িয়ে থেকে শিশুর চিকিৎসা করান। পরিবারের লোকেরাও খবর পেয়ে সেখানে পৌঁছন। জানা গিয়েছে, আপাতত সুস্থ আছে ওই শিশু। মেয়েকে ফিরে পেয়ে স্বস্তির নিশ্বাস ফেলেছে পরিবারের লোকেরা। এর আগেও ঠিক একই কায়দায় এক ব্যবসায়ীর সন্তানকে অপহরণ করা হয়েছিল। সে ক্ষেত্রেও কয়েক ঘণ্টার মধ্যে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ পার্শ্ববর্তী জেলা থেকে উদ্ধার করেছিল। তবে এবার এলাকা থেকে বেরোনোর আগেই ছক ভেস্তে দিল পুলিশ। আর এক অপহরণকারীর খোঁজে চলছে তল্লাশি। ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে অপহরণের কারণ নিয়ে। শুরু হয়েছে তদন্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *