Gobordanga: গলায় পেঁচানো বেল্ট, মুখ থ্যাতলানো, গোবরডাঙায় দুই লাইনের মাঝে দেহ উদ্ধার – Bengali News | Gobordanga Body found between two lines in Gobardanga with belt wrapped around neck, face covered
এলাকা খতিয়ে দেখছে পুলিশ Image Credit: TV9 Bangla
উত্তর ২৪ পরগনা: দুই ট্রেন লাইনের মাঝে গলায় বেল্ট জড়ানো রক্তাক্ত মৃতদেহ উদ্ধার। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে গোবরডাঙ্গা মসলন্দপুর স্টেশনের মাঝে গোবরডাঙ্গার রেল ব্রিজ এলাকায়। এখনও পর্যন্ত ওই যুবকের পরিবার জানা যায়নি। রেলপুলিশ গিয়ে দেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে পুলিশ এটাকে খুনের ঘটনা বলেই মনে করছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে লাইন ধরে ট্রেন ধরতে যাচ্ছিলেন কয়েকজন। তখন তাঁরা রেল লাইনের ধারের বস্তির বাসিন্দাদের এক জায়গায় জড়ো হয়ে থাকতে দেখেন। তাঁদের কাছ থেকেই জানতে পারে, দেহ উদ্ধার হয়েছে।
দেখা যায়, দেহটি লাইনের ওপর পড়ে ছিল। গলায় বেল্ট বাঁধা ছিল। রক্তাক্ত ক্ষতবিক্ষত ছিল। প্রথমে এটি আত্মহত্যার ঘটনা মনে হলেও, যেহেতু গলার বেল্ট বাঁধা ছিল, তাতেই ধন্দে পুলিশ। মনে করা হচ্ছে কোথাও খুন করে দেহ লাইনের ধারে ফেলে রেখে যাওয়া হয়েছে। এক্ষেত্রে নিহত এলাকার কেউ নন বলেই মনে করা হচ্ছে, মুখ ক্ষতবিক্ষত হওয়ায়, এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। পুলিশ মনে করছে ভারী কিছু দিয়ে মুখ থেঁতলে যাওয়া হয়েছে। প্রমাণ লোপাটের জন্যই এটা করা হয়েছে বলে অনুমান পুলিশ।
দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। স্থানীয় মানুষজন ঠিক চিনে উঠতে পারছেন না। এখনও পর্যন্ত মৃত যুবকের নাম পরিচয় জানা যায়নি। দেহ দেখে মনে হচ্ছে, বয়স তিরিশের আশপাশে হবে। ঘটনাস্থলে গোবরডাঙ্গা থানার পুলিশ এবং বনগাঁ জিআরপি। স্থানীয় বাসিন্দাদের প্রাথমিক অনুমান, বাইরে থেকে খুন করে কেউ বা কারা রাতে ফেলে গিয়েছে। এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলছে পুলিশ।
স্থানীয় এক বাসিন্দা বলেন, “ভয়ানক অবস্থা। আগে থেকেই দেহ থেঁতলে দেওয়া ছিল। লাইনের ধারে ফেলে যাওয়ায়, সেই দেহ আরও ক্ষতিগ্রস্ত হয়েছে। এটা আত্মহত্যা নয় বলেই মনে হচ্ছে। বাকিটা পুলিশ খতিয়ে দেখছে। আপাতত পুলিশ যুবকের পরিচয় জানার চেষ্টা করছে।”