জবাব চেয়ে শাহরুখকে সমন দিল্লি হাউকোর্টের, সমীরের মামলার মোড় ঘুরল কোন দিকে? – Bengali News | Delhi HC summons Red Chillies in Sameer Wankhede defamation suit over Aryan Khan series
বলিউড সুপারস্টার শাহরুখ খান, তাঁর প্রযোজনা সংস্থা রেড চিলিজ এন্টারটেইনমেন্ট এবং স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্স-কে মানহানির মামলায় এবার নোটিস পাঠাল দিল্লি হাইকোর্ট। এই মামলাটি দায়ের করেছেন IRS অফিসার সমীর ওয়াংখেড়ে। তিনি অভিযোগ করেছেন, সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ডকু-সিরিজ দ্য ব্যডস অব বলিউডে (The Ba**ds of Bollywood) ইচ্ছাকৃতভাবে তাঁর ভাবমূর্তি ক্ষুণ্ণ করা হয়েছে এবং তাঁকে নিয়ে ভুল বার্তা দেওয়া হয়েছে।
এই মামলায় বিচারপতি পুরুষেন্দ্র কুমার কৌরব, শাহরুখ খান, গৌরী খান, নেটফ্লিক্স, X Corp (টুইটার), গুগল, মেটা এবং অজ্ঞাতপরিচয়ের ব্যক্তি জন ডো-র (John Doe) বিরুদ্ধেও সমন জারি করেছেন। আদালত আগামী সাত দিনের মধ্যে প্রত্যেকের জবাব দাখিলের নির্দেশ দিয়েছে। যদিও এই মুহূর্তে উক্ত মামলায় আদালত কোনও অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয়নি, তবে সমীর ওয়াংখেড়ের আবেদন অনুযায়ী অভিযোগমূলক কনটেন্ট বিভিন্ন ওয়েবসাইট থেকে সরাতে হবে, এই প্রসঙ্গে উত্তর চাইয়া হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের থেকে। এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে ৩০ অক্টোবর।
ওয়াংখেড়ে তাঁর আবেদনে ২ কোটি টাকা ক্ষতিপূরণের কথাও উল্লেখ করেছেন, যা তিনি ক্যানসার রোগীদের চিকিৎসার জন্য টাটা মেমোরিয়াল ক্যানসার হাসপাতালকে দান করতে চান বলেও জানিয়েছেন। তাঁর বক্তব্য, এই সিরিজে মাদক বিরোধী সংস্থাগুলিকে ব্যঙ্গ করা হয়েছে বলে দাবি করেছেন তিনি। তাঁর দাবি, এই সংক্রান্ত বিভিন্ন বিভাগের প্রতি সাধারণ মানুষের আস্থা নষ্ট হচ্ছে । তিনি আরও দাবি করেন, এই কনটেন্টটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে তৈরি, এবং এটি এমন সময়ে মুক্তি পেয়েছে যখন তিনি ও শাহরুখ খানের পুত্র আরিয়ান খানের মধ্যে চলা মামলাটি বম্বে হাইকোর্ট এবং NDPS কোর্টে বিচারাধীন। বিষয়টি এখন আইনি পথে কী মোড় নেয়, সে দিকেই নজর সকলের। যদিও এই প্রসঙ্গে এখনও পর্যন্ত রেড চিলিস বা শাহরুখ খানের পক্ষ থেকে কোনও জবাব মেলেনি।