West Bengal Weather: বিপর্যস্ত উত্তরবঙ্গে ফের নামবে না তো বৃষ্টি? কী বলছে হাওয়া অফিস? – Bengali News | West Bengal and Kolkata Weather Report for October 7: Cloudy Skies with Light to Moderate Thunderstorms Expected
বেড়েছে জলস্তরImage Credit: নিজস্ব চিত্র
কলকাতা: ঝড়-জল-দুর্যোগ পেরিয়ে শহরের আকাশ এখন অনেকটাই পরিষ্কার। কিন্তু কলকাতায় পরিস্থিতি স্বাভাবিক থাকলেও, উত্তরবঙ্গ হয়েছে বিপর্যস্ত। পার্বত্য বৃষ্টির জেরে বিধ্বস্ত একের পর এক এলাকা। নেপাল-ভুটানের নদী থেকে হুড়মুড়িয়ে নেমেছে বৃষ্টির জল। যার জেরে বানভাসী হয়েছে উত্তরবঙ্গের একের পর এক এলাকা। আর এই পরিস্থিতি আবার যদি বৃষ্টি নামে? সম্ভবনাই বা কতটা? কী বলছে হাওয়া অফিস?
কলকাতার আকাশে জমবে মেঘ
হাওয়া অফিস সূত্রে খবর, মঙ্গলবার কলকাতা ও আশপাশের এলাকায় বৃষ্টিপাতের বিশেষ সম্ভবনা নেই। দিনভর কিছু কিছু এলাকার আকাশ মেঘলা থাকতে পারে। তবে মোটের উপর বৃষ্টির সম্ভবনা কম। আর একান্তই যদি বৃষ্টিপাতের পরিস্থিতি তৈরি হয়, সেটাও যে খুব একটা জনজীবনে প্রভাব ফেলবে এমনটা নয়।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, বেলার দিকে সামান্য বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত দেখা গেলেও যেতে পারে। উপকূলবর্তী এলাকাগুলি ছাড়া দক্ষিণবঙ্গের আর সকল জেলার জন্য এখনও পর্যন্ত কোনও বৃষ্টি-বাদলের সতর্কতা নেই বলেই জানিয়েছে তারা। পরিষ্কার থাকবে আকাশ। দক্ষিণ ২৪ পরগনায় হলুদ সর্তকতা রয়েছে। হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত।
উত্তরবঙ্গে কী হাল?
পুজো পরবর্তী পার্বত্য বৃষ্টির জেরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে উত্তরবঙ্গ। দার্জিলিং, কালিম্পং ও মিরিকে নেমেছে ভূমিধস। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার-সহ উত্তরবঙ্গে নীচের দিকের জেলাগুলি হয়েছে বানভাসী। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ধসের জেরে রাস্তাঘাট এখনও ভেঙে পড়ে রয়েছে। মাঝে মধ্যেই বিক্ষিপ্ত বৃষ্টি দেখা যাচ্ছে। নদীর জল আগের মতো ফুঁসছে না, কিন্তু জলস্তর স্বাভাবিকের থেকে অনেকটাই বেশি। এই পরিস্থিতিতে আবার যদি বৃষ্টি নামে, তা হলে চিন্তার শেষ নেই বললেই চলে।
তবে হাওয়া অফিসের পূর্বাভাস, উত্তরে বৃষ্টির আশঙ্কা অনেকটাই কম। মঙ্গলবার দিনভর আকাশ পরিষ্কার থাকার সম্ভবনাই বেশি। তবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত দেখা গেলেও যেতে পারে।