Hooghly TMC Councillor: প্রধানমন্ত্রীকে নিয়ে অসংবেদনশীল মন্তব্য, TMC কাউন্সিলরের বিরুদ্ধে থানায় FIR – Bengali News | Hooghly tmc councillor: FIR filed against TMC councilor for insensitive remarks about PM
থানায় বিজেপি নেতা কর্মীরাImage Credit: TV9 Bangla
হুগলি: সামাজিক মাধ্যমে প্রধানমন্ত্রীকে নিয়ে অসংবেদনশীল মন্তব্য। উত্তরপাড়ার তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে থানায় অভিযোগ জানাল বিজেপি। সোমবার উত্তরবঙ্গের নাগরাকাটায় বন্যা দুর্গতদের সঙ্গে দেখা করতে গিয়ে আক্রান্ত হন বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষ। সেই ঘটনা প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সামাজিক মাধ্যমে পোস্ট করে নিন্দা জানান।
উত্তরপাড়া ২৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অর্ণব রায় সেই পোষ্টের নীচে মন্তব্য করেন। তাঁর বিরুদ্ধে মঙ্গলবার উত্তরপাড়া থানায় অভিযোগ জানান স্থানীয় বিজেপি নেতৃত্ব। রাজ্য বিজেপি নেত্রী কৃষ্ণা ভট্টাচার্য বলেন, “দেশের প্রধানমন্ত্রীকে এই ভাষায় কথা বলা যায় না। তৃণমূলের কাউন্সিলরকে গ্রেফতার করতে হবে।”
তৃণমূল কাউন্সিলর অর্ণব রায় বলেন, “যাঁরা এই কথা বলছেন, তাঁরা ইংরেজিটা কম বোঝেন। আমি যেটা বলতে চেয়েছি সেটা বাংলা করলে দাঁড়ায়, বন্যা দুর্গত এলাকায় ত্রাণ নিয়ে গেলে সেই ত্রাণও ছিনিয়ে নেয় অনেক সময়। ত্রাণ ছাড়া গেলে জনরোষ আছড়ে পড়বে। তাদের ক্ষোভের একটা বহিঃপ্রকাশ হতে পারে। আর ওখানে সাংসদ বিধায়ক কাউকে দেখা যায় না।”
উত্তরপাড়া শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি ইন্দ্রজিৎ ঘোষ বলেন, “সব দলেরই এই ধরনের কথা থেকে বিরত থাকা দরকার। অনেক সময় দেখা মুখ্যমন্ত্রীকেও খারাপ ভাষায় আক্রমণ করা হয়। আর উত্তরবঙ্গের ঘটনায় প্রধানমন্ত্রী সরাসরি তৃণমূলকে দায়ী করেছেন এটা ঠিক নয়, উনি মুখ্যমন্ত্রীকে ফোন করতে পারতেন।”
প্রসঙ্গত, সোমবার নাগরাকাটায় দুর্গত এলাকায় গিয়ে বিক্ষোভের মুখে পড়েন বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। বামনডাঙায় ঢোকার আগে বিক্ষোভের মুখে পড়তে হয় তাঁদের। অতর্কিতে তাঁদের গাড়ি লক্ষ্য করে লাঠি, জুতো নিয়ে চড়াও হন অনেকে। গাড়ির পিছনের সিট থেকে নেমে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলতে চেয়েছিলেন খগেন মুর্মু। তখনই অতর্কিতে বিক্ষোভকারীদের ছোড়া ইট এসে লাগে তাঁর চোখের নীচে। আপাতত শিলিগুড়ির বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন খগেন। তাঁকে দিল্লি হাসপাতালে স্থানান্তরের কথা ভাবছে পরিবার।