Mouth Health: বিজয়ায় মিষ্টি খেয়ে কিন্তু বারোটা বাজছে আপনার দাঁতের! কীভাবে তার খেয়াল রাখবেন? - Bengali News | How to take care of your teeth health during Festive season 2025 - 24 Ghanta Bangla News
Home

Mouth Health: বিজয়ায় মিষ্টি খেয়ে কিন্তু বারোটা বাজছে আপনার দাঁতের! কীভাবে তার খেয়াল রাখবেন? – Bengali News | How to take care of your teeth health during Festive season 2025

Spread the love

বাঙালির বিজয়া মানে মিষ্টি মুখ, সন্দেশ-রসগোল্লা-লাড্ডু থেকে শুরু করে রাবড়ি, চমচম আরও কত কী! সঙ্গে রয়েছে ঝুড়িভাজা, নিমকি থেকে চপ-কাটলেট প্রায় সব খাবার-দাবার। এই সব এত্ত খাবারের চাপে পড়ে ‘ছেড়ে দে মা কেঁদে বাঁচি’ দশা হয়ে ওঠে আপনার দাঁতের। চিনি দাঁতের উপরে জমে গিয়ে ব্যাকটেরিয়ার সৃষ্টি করে, যা ধীরে ধীরে নষ্ট করে দেয় দাঁতের রক্ষাকবচ এনামেল। তারই ফল হল ক্যাভিটি, মাড়ির ইনফেকশন, মুখের দুর্গন্ধ এবং দাঁতের ক্ষয়। যদিও একটু সচেতনতা আর কিছু নিয়ম মানলে দাঁতে থাকবে একদম সুস্থ।

মিষ্টি খাওয়ার পরপরই মুখ ধুয়ে ফেলুন – রসগোল্লা বা চমচম খাওয়ার পর অনেকে মুখ না ধুয়ে ঘণ্টার পর ঘণ্টা আড্ডা দেন। এটা দাঁতের জন্য ভয়ানক ক্ষতিকর। মিষ্টি খাওয়ার সঙ্গে সঙ্গেই কুলকুচি করে ফেললে চিনির আস্তর দাঁতে বসতে পারে না, ফলে ক্যাভিটির আশঙ্কা কমে যায়।

দিনে অন্তত দু’বার ব্রাশ করুন – সকালে ও রাতে ঘুমোনোর আগে দাঁত ব্রাশ করা অভ্যাস করুন। রাতে ব্রাশ না করলে সারারাত মিষ্টির অবশিষ্ট অংশ দাঁতে থেকে যায়, যা ব্যাকটেরিয়ার জন্ম দেয়। ভালো মানের ফ্লোরাইডযুক্ত টুথপেস্ট ব্যবহার করুন।

ডেন্টাল ফ্লস ও মাউথওয়াশ ব্যবহার করুন – ব্রাশ যত ভালোই করুন, দাঁতের ফাঁকে থাকা খাবারের অংশ বের করা কঠিন। তাই দিনে একবার ডেন্টাল ফ্লস ব্যবহার করুন। এরপর অ্যান্টিব্যাকটেরিয়াল মাউথওয়াশ দিয়ে মুখ ধুলে ব্যাকটেরিয়া কমে যায় এবং শ্বাস থাকে সতেজ।

মিষ্টির পরিমাণে সংযম আনুন – মিষ্টি খাওয়া মানেই দাঁতের ক্ষতি—এমন নয়, তবে অতিরিক্ত খেলে ক্ষতি হবেই। দিনে ১-২টি ছোট মিষ্টির বেশি না খাওয়াই ভালো। বিশেষ করে চটচটে মিষ্টি যেমন—লাড্ডু, পেড়া বা গুড়ের মিষ্টি—এগুলো দাঁতে বেশি লেগে থাকে, তাই এড়িয়ে চলুন বা পরে মুখ ধুয়ে ফেলুন।

ফাইবারযুক্ত খাবার খান – ফল, সবজি, শসা, আপেল বা গাজরের মতো ফাইবারসমৃদ্ধ খাবার প্রাকৃতিকভাবে দাঁত পরিষ্কার রাখতে সাহায্য করে। এগুলো চিবানোর সময় লালা নিঃসরণ বাড়ায়, যা মুখের ব্যাকটেরিয়া ধ্বংস করে।

পর্যাপ্ত জল পান করুন – যত বেশি জল পান করবেন, তত মুখের ভেতরের অ্যাসিড ধুয়ে যাবে। চিনি দাঁতে অ্যাসিড তৈরি করে, যা এনামেল ক্ষয় করে দেয়। তাই সারাদিনে অন্তত ৮-১০ গ্লাস জল খাওয়া দরকার।

ঠান্ডা পানীয় ও সোডা এড়িয়ে চলুন – বিজয়ার সময়ে মিষ্টির সঙ্গে ঠান্ডা পানীয় খাওয়ার অভ্যাস আছে অনেকের। কিন্তু এগুলো দাঁতের জন্য ক্ষতিকর, কারণ এগুলিতে অ্যাসিড থাকে যা এনামেল দুর্বল করে। তার বদলে পান করুন সাদামাটা জল বা দই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *