BJP on Carnival: ‘আজকের দিনটা উৎসবের নয়’, কার্নিভাল নিয়ে সমালোচনা শমীকের – Bengali News | Samik Bhattacharya critises Mamata Banerjee for perticipating in Carnival
রাজ্য সরকারের সমালোচনা শমীকের Image Credit: Facebook
হাওড়া: উত্তরবঙ্গে তুমুল বিপর্যয়। রবিবার সন্ধ্যা পর্যন্ত যে তথ্য় সামনে এসেছে, তাতে ২৭ জনের মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। আর রবিবারই পূর্ব নির্ধারিত সূচি মেনেই রেড রোডে শুরু হয়েছে দুর্গা পূজার কার্নিভাল। সেখানে উপস্থিত রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই পরিস্থিতিতে কেন তিনি উত্তরবঙ্গে গেলেন না? এই প্রশ্ন তুলেই সমালোচনা শুরু করেছেন বিরোধীরা। যদি TV9-কে দেওয়া প্রতিক্রিয়ায় আগেই মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আজ কার্নিভালে বহু অতিথি আমন্ত্রিত, তাই সেখানে না থাকলে খারাপ দেখায়।
এদিকে কার্নিভাল নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। তিনি বলেন, “এই সরকারের কাছে কোনও মানবিক রূপ প্রত্যাশা করা মূর্খামি। আজকের দিনটা আনন্দের দিন নয়, উৎসবের দিন নয়। আজ মুখ্যমন্ত্রীর যাওয়া উচিত ছিল। কার্নিভাল বাতিল করে উত্তরবঙ্গে গিয়ে মানুষের পাশে দাঁড়াতে পারতেন তিনি।” বারবার প্রাকৃতিক বিপর্যয় হওয়া সত্ত্বেও পশ্চিমবঙ্গ সরকার তা থেকে কোনও শিক্ষা নিতে পারেনি বলেও মন্তব্য করেন তিনি।
উল্লেখ্য, মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছেন যে সোমবার মুখ্যসচিবকে সঙ্গে নিয়ে তিনি উত্তরবঙ্গ যাবেন। তবে এদিন সকাল ৬টা থেকে কন্ট্রোল রুমেই ছিলেন মমতা। TV9-বাংলাকে তিনি বলেন, “আজ যেহেতু পুজোর কার্নিভাল আছে, প্রায় ১০০টা পুজো অংশ নেয়, সেখানে যদি আমরা না থাকি, তাহলে খারাপ দেখায়, কারণ অনুষ্ঠান আমাদের সবাইকে ঘিরে। সুতরাং এটাও একটা ব্যাপার আছে। কাল বেলা তিনটের মধ্যে পৌঁছে মনিটরিং করে নেব।”
বিজেপি নেতার দাবি, পশ্চিমবঙ্গ সরকার বিপর্যয় মোকাবিলায় সম্পূর্ণ ব্যর্থ। তিনি জানিয়েছেন, বিপর্যয় মোকাবিলায় এনডিআরএফ থেকে শুরু করে ডিজাস্টার ম্যানেজমেন্ট সকলেই কাজ করছে। আরও ফোর্স তৈরি আছে। প্রধানমন্ত্রী সব বিষয়ে নজর রাখছেন বলেও জানিয়েছেন তিনি।
শমীকের আরও দাবি, বেআইনিভাবে স্যান্ড মাইনিং করা হয়েছে উত্তরবঙ্গে, আর তার ফলে নদীর গতিপথ বদলে গিয়েছে। হাজার হাজার ফসলি জমি জলের তলায় চলে গিয়েছে বলেও দাবি করেছেন তিনি। দায়ী করেছেন রাজ্য সরকারকে। এই বিষয়ে সমালোচনা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও।