উত্তাল সমুদ্র, ৬৫ কিমি বেগে দমকা হাওয়া, মৎস্যজীবীদের নিষেধাজ্ঞা - Bengali News | South 24 pgs fishermen asked not to go to sea as deep depression formed - 24 Ghanta Bangla News
Home

উত্তাল সমুদ্র, ৬৫ কিমি বেগে দমকা হাওয়া, মৎস্যজীবীদের নিষেধাজ্ঞা – Bengali News | South 24 pgs fishermen asked not to go to sea as deep depression formed

কলকাতা: বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের প্রভাবে দশমীর পর একাদশীতেও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনা জেলায় অতি ভারী বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে।

​আবহাওয়া দফতর সূত্রে খবর, জেলার নদী ও সমুদ্র তীরবর্তী অঞ্চলগুলিতে ৬০ থেকে ৬৫ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইতে পারে। এর ফলে নদী ও সমুদ্র অত্যন্ত উত্তাল থাকবে। নিরাপত্তার কথা মাথায় রেখে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে কঠোরভাবে নিষেধ করা হয়েছে। ​গতকাল সন্ধ্যা থেকেই দক্ষিণ ২৪ পরগনার একাধিক অঞ্চলে দফায় দফায় ভারী বৃষ্টি শুরু হয়। আজও সকাল থেকে আকাশ কালো মেঘে ঢাকা এবং বিক্ষিপ্তভাবে বৃষ্টি জারি রয়েছে।

একই সঙ্গে ঝড়ো বাতাস বইছে এবং নদী ও সমুদ্র উত্তাল থাকায় উপকূলীয় জনজীবনে প্রভাব পড়েছে। ​দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে মৎস্য শিকারে সম্পূর্ণ নিষেধাজ্ঞা থাকায় সুন্দরবনের বিভিন্ন বন্দর ও জেটিগুলিতে প্রচুর সংখ্যক মৎস্যজীবী ট্রলার ভিড় করেছে।

​আবহাওয়া দফতর জানিয়েছে, আজ দিনভর দক্ষিণ ২৪ পরগনা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঝড়-বৃষ্টির এই পরিস্থিতি বজায় থাকবে। দুর্যোগ মোকাবিলায় জেলা প্রশাসন সামগ্রিক পরিস্থিতির উপর কড়া নজর রাখছে এবং যে কোনও পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছে। স্থানীয়দের সতর্ক থাকতে এবং সমুদ্র উপকূল থেকে দূরে থাকতে পরামর্শ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *