Kolkata Metro: বিদায়বেলায় দুর্গোৎসব, মধ্যরাতের পরিষেবা ছেড়ে ‘পুরনো ছন্দে’ মেট্রো! জেনে নিন টাইম-টেবিল – Bengali News | Metro to operate 236 services on blue line normal operations to continue on other routes
কলকাতা: বিদায়বেলায় দুর্গোৎসব। হাতে কয়েক ঘণ্টা, তারপরই প্রতিমা বিসর্জন। দিন চারেকের এই আনন্দ যেন এখন ‘ফুরনোর পালা’। দিন পেরতেই সব কিছু আবার পুরনো ছন্দে। আবার সকাল সকাল চলবে বাস, চলবে ট্রেন, চলবে মেট্রো। থাকবে না রাত জেগে প্য়ান্ডেল দেখার বালাই। থাকবে না সেই খুশির জোয়ারও।
শুক্রবার থেকে আবার স্বাভাবিক ছন্দে ফিরছে মেট্রোও। কলকাতার দুর্গোৎসবে জনজোয়ার সামাল দেওয়ার কাজ আপাতত শেষ। তাই সাদামাটা দিনের মতোই আবার ঘড়ির কাঁটা ধরে সকাল থেকে রাত অবধি চলবে মেট্রো। মিলবে না মধ্যরাতের পরিষেবা।
একটি বিজ্ঞপ্তি জারি করে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, গতবছরের ন্যয় এই বছরও তারা একাদশীর দিন শহরের ‘প্রাচীনতম’ মেট্রো পথ ব্লু লাইনে মোট ২৩৬টি ট্রেন চালাবে। আপ লাইনে ১১৮টি, তারপর সেগুলিই আবার ফিরে যাবে ডাউন লাইনে। গোটা পুজো পর্বে এই ব্লু লাইনেই দুপুর থেকে মধ্যরাত পর্যন্ত চলেছে মোট ২৭২টি মেট্রো। তবে একাদশীতে তুলনামূলক ভাবে ভিড় কম থাকার কারণে ২৩৬টি ট্রেন চালাবে কর্তৃপক্ষ।
সকাল থেকে শুরু পরিষেবা
জারি হওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, সকাল ৬টা ৫০মিনিট নাগাদ শুরু হবে ব্লু লাইনের প্রথম মেট্রো। যা চলবে নোয়াপাড়া থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত। অপর প্রান্ত থেকে মেট্রো পরিষেবা শুরু হবে ৬টা ৫৪ মিনিট নাগাদ। শহিদ ক্ষুদিরাম থেকে আসবে সরাসরি দক্ষিণেশ্বর পর্যন্ত। দক্ষিণেশ্বর স্টেশন থেকে মেট্রো পরিষেবা পাওয়া যাবে ৬টা ৫৫মিনিট নাগাদ। শেষ মেট্রো চলবে রাত ৯টা ৪৪ মিনিট পর্যন্ত। ব্লু লাইনের মতো শহরের আর বাদ বাকি মেট্রো পথ, যেমন গ্রিন লাইন, ইয়েলো লাইন, পার্পল লাইন ও ওরেঞ্জ লাইনে স্বাভাবিক সময়েই মেট্রো পরিষেবা পাওয়া যাবে বলে জানিয়েছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ।