দশমীর সকালেই অশোকনগরে আতঙ্ক! উদ্ধার অজ্ঞাতপরিচয় যুবতীর ক্ষতবিক্ষত দেহ - 24 Ghanta Bangla News
Home

দশমীর সকালেই অশোকনগরে আতঙ্ক! উদ্ধার অজ্ঞাতপরিচয় যুবতীর ক্ষতবিক্ষত দেহ

Spread the love

দশমীর সকালেই হাড়হিম ঘটনা সামনে এল অশোকনগরে। রাস্তার ধার থেকে উদ্ধার হল এক অজ্ঞাতপরিচয় যুবতীর ক্ষতবিক্ষত দেহ। মাথাসহ শরীরের একাধিক অংশে আঘাতের চিহ্ন স্পষ্ট। খুন নাকি দুর্ঘটনা? তা নিয়ে ধোঁয়াশা তৈরি হলেও পুলিশের প্রাথমিক অনুমান, দুর্ঘটনার জেরেই মৃত্যু হয়েছে ওই যুবতীর। ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে সমগ্র এলাকায়।

আরও পড়ুন: দুর্গন্ধে ভরে গিয়েছিল এলাকা, বাঁকুড়ায় দরজা ভাঙতে উদ্ধার যুগলের দেহ

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টা নাগাদ যশোর রোড সংলগ্ন পাঁচ নম্বর মোড়ের পাশে ঝোপের ভেতর পড়ে থাকতে দেখা যায় ওই যুবতীর দেহ। প্রথমে এক মহিলা বিষয়টি চোখে পড়তেই চিৎকার শুরু করেন। তাঁর ডাকে ছুটে আসেন স্থানীয়রা। এরপরই খবর দেওয়া হয় অশোকনগর থানায়। পুলিশ এসে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। এখনও পর্যন্ত যুবতীর পরিচয় জানা যায়নি। তিনি ওই এলাকায় এলেন কীভাবে? মৃত্যু ঘটল কীভাবে? এর নেপথ্যে দুর্ঘটনা নাকি অন্য কোনও রহস্য সবই এখন তদন্তসাপেক্ষ।

পুলিশের প্রাথমিক বক্তব্য, চেহারা ও ক্ষতের ধরন দেখে মনে হচ্ছে, দুর্ঘটনার শিকার হয়েই প্রাণ হারিয়েছেন ওই যুবতী। তবে সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয় এক বাসিন্দা ঘটনার বর্ণনা দিতে গিয়ে বলেন, সকাল সকাল একজন মহিলা দেহ পড়ে থাকতে দেখে হইচই শুরু করেন। সকলে ছুটে যান। দেখা যায় মেয়েটির শরীর ক্ষতবিক্ষত। চিনে নেওয়ার উপায় নেই। কীভাবে মৃত্যু ঘটল কিছুই বোঝা যাচ্ছে না। পরে পুলিশ এসে দেহ উদ্ধার করে। অশোকনগর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। আপাতত অজ্ঞাতপরিচয় ওই যুবতীর পরিচয় জানার পাশাপাশি তাঁর মৃত্যুর পেছনের কারণ খুঁজে বের করার চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *