নবমীর সকালেই উত্তরবঙ্গে মুষলধারে বৃষ্টি, ভেঙে পড়ল প্যান্ডেলের গেট, ভোগান্তি - 24 Ghanta Bangla News
Home

নবমীর সকালেই উত্তরবঙ্গে মুষলধারে বৃষ্টি, ভেঙে পড়ল প্যান্ডেলের গেট, ভোগান্তি

আলিপুর আবহাওয়া দফতর আগে থেকেই ইঙ্গিত দিয়েছিল নবমীর দিন থেকেই নামতে পারে প্রবল বৃষ্টি। সেই পূর্বাভাস সত্যি করে বুধবার সকাল থেকেই উত্তরবঙ্গে শুরু হয়ে গিয়েছে বৃষ্টি। একটানা বর্ষণে ইতিমধ্যেই পণ্ড হওয়ার মুখে পড়েছে একাধিক দুর্গাপুজো। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে সকাল থেকে ঝড়-বৃষ্টির দাপট শুরু হয়। ফলে সমস্যায় পড়েন দর্শনার্থীরা।

আরও পড়ুন: দিদিমা-নাতনির আদুরে মুহূর্ত! মা দুর্গার সামনে তনুজাকে জড়িয়ে ধরে আদর কাজল কন্যা

অষ্টমীর রাত থেকেই কোথাও কোথাও বৃষ্টি নামছিল, নবমীর সকাল গড়াতেই তা আরও তীব্র আকার নেয়। কোচবিহারে প্রবল বর্ষণে ভেঙে পড়ে পুজো প্যান্ডেলের প্রবেশদ্বার। বিনাপানি ক্লাবের প্যান্ডেলের গেট ভেঙে যাওয়ায় কার্যত বন্ধ হয়ে যায় রাস্তা। স্থানীয় বাসিন্দারা প্রশাসনের সঙ্গে হাত মিলিয়ে ভোর থেকে শুরু করেন রাস্তা পরিষ্কারের কাজ।

ধূপগুড়িতেও একই ছবি। রাস্তার মাঝে ভেঙে পড়া প্যান্ডেলের কাঠামোর কারণে গাড়ি চলাচলে তৈরি হয়েছে চরম বিঘ্ন। একটানা বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে কোচবিহারের বিস্তীর্ণ অঞ্চল। পুজো দর্শনে বেরনো মানুষের পক্ষে পরিস্থিতি হয়ে উঠেছে ভোগান্তির।

অন্যদিকে, কলকাতায় সকাল থেকে তেমন বৃষ্টি না হলেও আবহাওয়া দফতর জানিয়েছে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শহরের কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, পূর্ব মেদিনীপুর এবং উত্তর ২৪ পরগনার কিছু অংশের জন্য জারি করা হয়েছে কমলা সতর্কতা। বাঁকুড়া ও বীরভূমের আকাশেও ঘনিয়ে উঠেছে বজ্রগর্ভ মেঘ। আবহাওয়াবিদদের আশঙ্কা, নিম্নচাপ ঘনীভূত হয়ে অতি গভীর নিম্নচাপে রূপ নিতে পারে, যা বিসর্জনে বাধা সৃষ্টি করতে পারে। ঝোড়ো হাওয়ার দাপটে প্যান্ডেলের ক্ষয়ক্ষতির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আবহাওয়া দফতর জানিয়েছে, আজই (বুধবার) নিম্নচাপ আরও শক্তিশালী হয়ে উঠবে এবং বৃহস্পতিবার তা গভীর আকার নেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *