দুর্গন্ধে ভরে গিয়েছিল এলাকা, বাঁকুড়ায় দরজা ভাঙতে উদ্ধার যুগলের দেহ
দুর্গাপুজোর মরশুমে উৎসবের আনন্দে মাতোয়ারা পুরো বাংলা। ঠিক সেই আবহে মর্মান্তিক ঘটনা ঘটে গেল বাঁকুড়ায়। উদ্ধার হল যুগলের পচাগলা মৃতদেহ। জেলার ওন্দা থানার তেলিবেড়িয়া রোডের একটি বাড়ি থেকে অষ্টমীর রাতে ওই যুগলের দেহ পুলিশ উদ্ধার করেছে। মৃতদের নাম রাজেশ গোস্বামী (৩০) ও রূপালী গোস্বামী (২৮) এর মৃতদেহ। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে।
আরও পড়ুন: সপ্তমীতে ভয়ঙ্কর কাণ্ড, মালদায় দুই সন্তানকে শ্বাসরোধ করে খুন, আত্মঘাতী হলেন মা
স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিন ধরে বাড়ি থেকে দুর্গন্ধ আসায় স্থানীয়রা সন্দেহ করে পুলিশে খবর দেন। অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। বাড়ির দরজা ভেঙে ভিতরে ঢুকতেই দুজনের দেহ দেখতে পায় পুলিশ। দু’জনের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান অনুযায়ী, কী কারণে তাঁদের মৃত্যু হয়েছে? আত্মহত্যা নাকি অন্য কোনও কারণ তা এখনও স্পষ্ট নয়।
তাঁরা ভাড়া বাড়িতে থাকতেন। বাড়ির মালিক জানিয়েছেন, রাজেশ ও রূপালী দক্ষিণ ২৪ পরগনার বাগমারি এলাকার বাসিন্দা। প্রায় এক মাস আগে তাঁরা বাড়ি ভাড়া নেন। পরিচয়পত্র হিসেবে আধার কার্ডের ফটোকপি জমা দিয়েছিলেন। স্থানীয়দের সঙ্গে তাঁরা তেমন মেলামেশা করতেন না এবং বাইরে কমই যেতেন। পুলিশ ইতিমধ্যেই আধার কার্ড খতিয়ে মৃতদের পরিচয় নিশ্চিত করার চেষ্টা করছে।
ওন্দা থানার পুলিশ মৃতদের পরিবারের সঙ্গেও যোগাযোগের চেষ্টা চালাচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই ঘটনার প্রকৃত কারণ স্পষ্ট হবে। দুর্গাপুজোর এই উৎসবমুখর সময়ে এমন মর্মান্তিক ঘটনা স্থানীয়দের মধ্যে শোক ও উদ্বেগ তৈরি করেছে। পুলিশ জানিয়েছে, তদন্তে সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে।