PM Modi: 'মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনা'-য় ১০ হাজার টাকা করে পেলেন ৭৫ লক্ষ মহিলা, উচ্ছ্বসিত প্রশংসা মোদীর - Bengali News | 75 lakh women in bihar get rs 10000 ahead of polls pm narendra modi lauds scheme - 24 Ghanta Bangla News
Home

PM Modi: ‘মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনা’-য় ১০ হাজার টাকা করে পেলেন ৭৫ লক্ষ মহিলা, উচ্ছ্বসিত প্রশংসা মোদীর – Bengali News | 75 lakh women in bihar get rs 10000 ahead of polls pm narendra modi lauds scheme

Spread the love

পটনা: আর কয়েকমাস পর রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে মহিলাদের ক্ষমতায়নে বড় উদ্যোগ বিহারের নীতীশ কুমার সরকারের। মহিলারা যাতে নিজের পায়ে দাঁড়াতে পারেন, সেজন্য ‘মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনা’ প্রকল্প চালু হল। শুক্রবার নয়াদিল্লি থেকে বিহার সরকারের এই প্রকল্পের সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই প্রকল্পে বিহারের ৭৫ লক্ষ মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১০ হাজার টাকা করে দেওয়া হল। প্রকল্পের সূচনা করে নীতীশ কুমার সরকারের উচ্ছ্বসিত প্রশংসা করলেন মোদী। একইসঙ্গে আক্রমণ করলেন লালুপ্রসাদ যাদবের রাষ্ট্রীয় জনতা দল(আরজেডি)-কে। আরজেডি ও তার সঙ্গীরা যাতে বিহারে ক্ষমতায় আসতে না পারে, তা নিশ্চিত করতে আবেদন জানালেন প্রধানমন্ত্রী।

‘মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনা’ প্রকল্পে নীতীশ কুমার সরকারের ৭৫০০ কোটি টাকা খরচ হয়েছে। দিল্লি থেকে ভার্চুয়ালি এই প্রকল্পের উদ্বোধন করে প্রধানমন্ত্রী মোদী বলেন, “মা-বোনেদের জন্য নীতীশ কুমার সরকারের এটা বড় পদক্ষেপ। আর এর ফলে কেন্দ্রের লাখপতি দিদি প্রকল্পেও বিহারে সবচেয়ে বেশি লাখপতি দিদি হবেন।” প্রত্যেক ভাই তাঁর বোনেদের সুখী, সুস্থ এবং অর্থনৈতিকভাবে সাবলম্বী হিসেবে দেখতে চান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “এটাই আপনাদের দুই ভাই মোদী ও নীতীশ কুমার করার চেষ্টা করছেন। এই প্রকল্পের কথা জানার পর আমি উচ্ছ্বসিত হয়ে উঠেছিলাম। প্রত্যেক পরিবারের এক মহিলা নিজস্ব উদ্যোগে কিছু করার জন্য এই ১০ হাজার টাকা পাবেন। এর পাশাপাশি নিজের দোকান করার জন্যও ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সাহায্য পেতে পারেন। সরকার প্রশিক্ষণেরও ব্যবস্থা করবে।”

সরাসরি ৭৫ লক্ষ মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১০ হাজার টাকা ঢোকার জন্য কেন্দ্রের জনধন প্রকল্পের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী। ১১ বছর আগে জনধন অ্যাকাউন্টের সূচনা করে কেন্দ্র। মোদী বলেন, “আপনার অ্যাকাউন্টে পুরো ১০ হাজার টাকা পাবেন। আগে একজন প্রধানমন্ত্রী বলেছিলেন, কেন্দ্র ১ টাকা পাঠালে সুবিধাপ্রাপকদের কাছে ১৫ পয়সা পৌঁছয়।”

বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের প্রশংসা করে মোদী বলেন, “অন্ধকার অতীত থেকে বিহারকে আলোর দিশায় নিয়ে গিয়েছেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। আরজেডির আমলে অন্ধকারের ছবি সবাই দেখেছেন। ডাক্তার, ইঞ্জিনিয়ারও ছাড় পাননি। আপনি যদি নিজের সন্তানদের সুরক্ষিত রাখতে চান, তবে তাদের দূরে রাখুন।”

ওই প্রকল্পের সূচনার পর নীতীশ কুমারও আরজেডি-কে আক্রমণ করলেন। তিনি বলেন, “তারা শুধু নিজের পরিবারের কথা ভেবেছে। পরিবার ছাড়া আর কোনও কিছু নিয়ে ভাবেনি। আর আমাদের কাছে পুরো রাজ্যটাই পরিবার।”

ভোটের আগে বিহার সরকারের এই প্রকল্পের সমালোচনা করেছে বিরোধীরা। কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গান্ধী বলেন, “মহিলারা এখন যথেষ্ট সচেতন। তাঁরা বুঝতে পারছেন, কেন এমন প্রস্তাব গত ২০ বছরে নেওয়া হয়নি। একবার ১০ হাজার টাকা দেওয়া মানে কিছুই নয়। তারা কি প্রত্যেক মাসে এটা দেবে? ভুয়ো প্রতিশ্রুতি দেওয়ার জন্য বিজেপি পরিচিত।”

ক্ষমতায় এলে মহিলাদের মাসে আড়াই হাজার টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছে আরজেডি ও কংগ্রেস। তথ্য বলছে, বিহারে মোট জনসংখ্যার ৪৮ শতাংশ মহিলা। রাজনীতির কারবারিরা বলছেন, বিহারের নির্বাচনে দলগুলির জয়-পরাজয়ে বড় ভূমিকা থাকে মহিলাদের। এই দেখার, নীতীশ সরকারের নতুন প্রকল্পের প্রভাব কতটা পড়ে ভোট ময়দানে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *