Abhishek Banerjee: অমিত শাহের পুজো উদ্বোধনের দিনই বিদ্যাসাগরের মূর্তিতে মালা দেবেন অভিষেক – Bengali News | Abhishek Banerjee will garland Vidyasagar’s statue on the day Amit Shah inaugurates the puja
অভিষেক বন্দ্যোপাধ্যায় (ফাইল ফোটো)Image Credit: TV9 Bangla
কলকাতা: দুর্গাপুজোর উদ্বোধনে রাজ্যে এসে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার সন্তোষমিত্র স্কোয়ার ও ইজেডসিসি-র বিজেপি পুজোর উদ্বোধন করবেন তিনি। আর আজ তাঁরই সফরের দিন বিদ্যাসাগরের মূর্তিতে মাল্যদান করবেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।
জানা গিয়েছে, শুক্রবার বেলা বারোটায় বিদ্যাসাগর কলেজে যাবেন অভিষেক। সেখানে বিদ্যাসাগরের মূর্তিতে মাল্যদান করবেন তিনি। প্রসঙ্গত, কয়েক বছর আগে ভোটের প্রচারে এসেছিলেন অমিত শাহ। চলছিল তাঁর রোড শো। সেখান থেকেই বিজেপি নেতা কর্মীদের বিরুদ্ধে তাণ্ডব চালানোর অভিযোগ ওঠে বিদ্যাসাগর কলেজে।
কলেজের দরজা ভাঙচুর থেকে অফিসঘরে বসানো বিদ্যাসাগরের মূর্তিও আছাড় মেরে ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ ওঠে। কেন এইভাবে বিদ্যাসাগরকে অপমান করা হল? সেই নিয়ে প্রশ্ন তুলে সরব হয় সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল। এই ঘটনার তদন্তে নামে পুলিশ। গ্রেফতারও করা হয় কয়েকজনকে। যদিও, সেই সময়ই বিজেপি বলেছিল, শাহের রোড-শো চলাকালীন তৃণমূল কর্মীরা ইট-পাটকেল ছুড়ে মারে।
আজ সেই বিদ্যাসাগরের কলেজেই যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপরই উঠছে প্রশ্ন, বিদ্যাসাগরের জন্মদিনে সেই অঘটনের স্মৃতি উস্কে দিতেই কি অভিষেকের বিদ্যাসাগর কলেজে কর্মসূচি ? অন্য মূর্তি ছেড়ে বিদ্যাসাগর কলেজের মূর্তিতেই কেন মাল্যদান কর্মসূচি অভিষেকের, তাও আবার শাহ র বঙ্গ সফরের দিন? বস্তুত, আজ সন্তোষ মিত্র স্কোয়ার থেকে বিদ্যাসাগরকে শ্রদ্ধাঞ্জলি দিয়েছেন অমিত শাহ। তিনি বলেছেন, “আজ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জয়ন্তী। উনি তো এক সময় শিক্ষার জন্য যা করেছেন তা কেউ ভুলতে পারবে না। বাংলা ভাষা, বাংলার ঐতিহ্য, আর এখানকার মহিলাদের শিক্ষার জন্য উনি নিজের গোটা জীবন উৎসর্গ করেছেন। তাই আমি ওঁকে মন থেকে প্রণাম করছি।”