Abhishek Banerjee: কলকাতায় শাহ! বিদ্যাসাগরের মূর্তি বিতর্ক উস্কে বাঙালি অস্মিতায় শান অভিষেকের - Bengali News | Abhishek Banerjee Launches Scathing Attack on Amit Shah from Vidyasagar College - 24 Ghanta Bangla News
Home

Abhishek Banerjee: কলকাতায় শাহ! বিদ্যাসাগরের মূর্তি বিতর্ক উস্কে বাঙালি অস্মিতায় শান অভিষেকের – Bengali News | Abhishek Banerjee Launches Scathing Attack on Amit Shah from Vidyasagar College

বিদ্যাসাগর কলেজে অভিষেকImage Credit: নিজস্ব চিত্র

কলকাতা: বাংলায় এসে পুজো উদ্বোধনে ব্যস্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর সেই সময় তৃণমূল সাংসদ তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক গেলেন বিদ্যাসাগর কলেজে। বাংলার শ্রেষ্ঠ সমাজসংস্কারক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন পালনে। সঙ্গে উস্কে দিলেন ২০১৯ সালের সেই বিদ্যাসাগর মূর্তি ভাঙার কথাও। ‘অরাজনৈতিক কর্মসূচি’তে এসে অভিষেকের মুখে শোনা গেল ‘রাজনীতির কাহন’। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দিকে কড়া ভাষায় আক্রমণ করলেন তিনি। দাবি জানালেন, বিদ্যাসাগরের মূর্তির কাছে ক্ষমা চাওয়ার।

কী বললেন অভিষেক?

ডায়মন্ড হারবারের সাংসদের বললেন, ‘আজকের এই কর্মসূচি রাজনৈতিক নয়। ২০১৯ সালে যে ঘটনাটা ঘটেছিল, যাঁর নেতৃত্বে ঘটেছিল। সেই ভাঙা মূর্তি এখানেই রয়েছে। বিদ্যাসাগর নবজাগরণের অগ্রদূত, বাল্যবিবাহ রোধ করেছিলেন, আমরা সবই পড়েছি, জেনেছি, শুনেছি। তবে বাইরে থেকে যাঁরা এসেছিল। উত্তর ভারতের সংস্কৃতি চাপিয়ে দিয়ে বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছে, তাদের মানুষ জবাব দিয়েছে।’

অভিষেকের সংযোজন, ‘আমার শুনে সত্যিই খুব খারাপ লাগল। তিনি দশ মিনিট দূরে একটা পুজো মন্ডপ উদ্বোধন করতে গিয়েছিলেন। তাঁর এতটুকু বিবেক বোধ নেই যে আজ বিদ্য়াসাগরের ২০৫ তম জন্মদিবস। কিন্তু তিনি না তাঁর বাড়িতে গেলেন, না এলেন বিদ্যাসাগরে কলেজে। এই জন্যই ওদের আমরা বাংলা বিরোধী বলেছি। যতদিন এরা থাকবে বাংলা বিরোধী আচরণ ও দৃষ্টিভঙ্গি মানুষ দেখবেন। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম কোথায় এরা জানে না। এরা রামমোহন রায়, ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগরের অবদান জানে না। আজ যাঁরা এসে বাংলায় দুর্গাপুজো উদ্বোধন করছেন, তাঁরা পাঁচ বছর আগেও বলত তৃণমূলের সরকার দুর্গাপুজো হতে দেয় না। এদিকে আমাদের সরকারের আমলেই দুর্গাপুজো ইউনেস্কো স্বীকৃতি পেয়েছে। অন্য কোনও রাজ্য তো এসব কিছু পায়নি।’

অবশ্য অমিত শাহ বিদ্যাসাগর কলেজে না গেলেও, তাঁর মুখে ফুটে উঠেছে বিদ্য়াসাগরের কথা। এদিন শাহ বলেন, ‘আজ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জয়ন্তী। উনি তো শিক্ষাব্যবস্থার জন্য যা করেছেন তা কেউ ভুলতে পারবে না। বাংলা ভাষা, বাংলার ঐতিহ্য, আর এখানকার মহিলাদের শিক্ষার জন্য উনি নিজের গোটা জীবন উৎসর্গ করেছেন। তাই আমি ওঁকে মন থেকে প্রণাম করছি।’

ক্ষমা চাওয়ার দাবি

এখানেই থেমে থাকেননি অভিষেক। ক্ষমার দাবি থেকে বাঙালি অস্মিতা, শাহের দিকে নানা ইস্যুতেই আক্রমণ শানিয়েছেন তিনি। অভিষেকের কথায়, ‘আজ যখন স্বরাষ্ট্রমন্ত্রী বাংলায় এসেছেন সেই সময় একদিকে বিদ্যাসাগর জয়ন্তী। অন্যদিকে হাইকোর্টের থাপ্পড়। আগে তো ক্ষমা চাওয়া উচিত। বিদ্য়াসাগরের মূর্তির সামনে দাঁড়িয়ে ক্ষমা চাওয়া উচিত। আপনি যে কালীমন্দির যাচ্ছেন যান। কিন্তু তাঁর আগে বাংলার মানুষের কাছে ক্ষমা চান। আপনার নেতৃত্বে যারা বিদ্য়াসাগরের মূর্তি ভেঙেছিল, তারা আজও বহাল তবিয়তে বিজেপি করছে। রাজনৈতিক কথা বলতে চাই না। আমার আসা সম্পূর্ণ ভাবে অরাজনৈতিক।’ কিন্তু হাইকোর্টের কি থাপ্পড়? সেই প্রসঙ্গও বিস্তারিতভাবে তুলে ধরেছেন তিনি। তৃণমূল সেকেন্ড-ইন-কমান্ড জানিয়েছেন, ‘হাইকোর্টের আজ একটা নির্দেশ এসেছে। বীরভূমের এক গর্ভবতী মহিলা-সহ ছয় জনকে বাংলাদেশি বলে পুশ ব্য়াক করা হয়েছিল। কিন্তু হাইকোর্ট আজ সেই পদক্ষেপকে অবৈধ বলেছে। পাশাপাশি, ওদের চার সপ্তাহের মধ্যে ভারতে ফিরিয়ে আনার নির্দেশ দিয়েছে। বাঙালি দেখলে বলছে বাংলাদেশি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *