Durga Puja Rules: শুধু অষ্টমীতে উপোস করে দেবীকে তুষ্ট করা যায় না! ব্রত পালনের নিয়ম বলে গেছেন চাণক্য – Bengali News | Know what Chanakya said about the rules of fasting and observing brata during Durga Puja 2025
দুর্গাপুজো শুধু আনন্দ-উৎসব বা সাজগোজের মধ্যেই সীমাবদ্ধ নয়। এই উৎসব বাংলার সবচেয়ে বড় পার্বণও বটে। ষষ্ঠী থেকে দশমী, বাড়ির মা-ঠাকুমা থেকে কনিষ্ঠতম সদস্য, নিজেদের ভক্তি মতো উপোস পালন করে ব্রত পালন করেন। উপোস করা মানে কিন্ত কেবল না খেয়ে থাকা নয়। ব্রতের মূল উদ্দেশ্য আত্মসংযম, শুচিতা এবং শৃঙ্খলার মাধ্যমে আধ্যাত্মিক সাধনা করা। ব্রত পালনের সময়ে কোন কোন নিয়ম মেনে চললে অধিক ফলদায়ী হয় তাও বলে গিয়েছেন ভারতের সেরা কূটনীতিক এবং অর্থবীদ চাণক্য। কী বলছেন তিনি?
শুচিতা বজায় রাখা – ব্রত শুরু করার আগে শরীর এবং মন উভয়কেই শুচি করতে হয়। ভোরে স্নান করে পরিষ্কার পোশাক পরা উচিত। চাণক্যের মতে ‘শুচিরূপে ধর্মফল বৃদ্ধি পায়।’ এক কথায় বললে শুচিতা ছাড়া ব্রত অসম্পূর্ণ।
সত্য ও সংযম – ব্রতের সময়ে শুধু খাওয়াদাওয়ার সংযম নয়, কথাবার্তা এবং আচরণেও সংযম জরুরি। চাণক্যের মতে, মিথ্যা বলা, অন্যকে কষ্ট দেওয়া বা অশোভন আচরণ করলে ব্রতের আধ্যাত্মিক ফল নষ্ট হয়। মানুষের প্রতি দুর্ব্যবহার করলে কোনও ব্রত পালনেই ফল পাওয়া যায় না।
শরীরের ক্ষমতা অনুসারে উপোস করুন – কারও কারও জন্য সারাদিন নির্জলা উপোস, আবার কেউ ফলাহার বা নিরামিষ আহার করেন। তবে ব্রত শরীরের সহনশীলতার বাইরে যেন না যায়। চাণক্যের উপদেশ, “অতিরেক সর্বত্র অনর্থকারণ”। অর্থাৎ অতিরিক্ত কিছুই শুভ নয়।
পুজোর প্রতি মনোনিবেশ করুন – ব্রতের উদ্দেশ্য শুধু আহার বর্জন নয়, দেবীর পূজা-অর্চনায় ভক্তিসহকারে সময় দেওয়া। মন্ত্রপাঠ, চণ্ডীপাঠ বা দেবীর স্তোত্রপাঠে মনোনিবেশ করা উচিত।
দান এবং সেবার গুরুত্ব – চাণক্য বলেছেন, “অন্নদান সর্বশ্রেষ্ঠ”। তাই ব্রতের দিনে দরিদ্র বা অভাবগ্রস্তকে খাদ্য, বস্ত্র বা সামর্থ্য অনুযায়ী সাহায্য করলে দেবী তুষ্ট হন। জীব সেবার চেয়ে শ্রেষ্ঠ আর কোনও ব্রতই নয়।
ক্রোধ ও ঈর্ষা থেকে বিরত থাকুন – ব্রতের সময়ে কারও প্রতি বিদ্বেষ, হিংসা বা ক্রোধ রাখা উচিত নয়। চাণক্যের নীতি অনুযায়ী, রাগ মানুষের জ্ঞানকে গ্রাস করে। আধ্যাত্মিক সাধনা ব্যর্থ করে।
ব্রত ভঙ্গের সতর্কতা – ব্রতের নিয়ম ভেঙে অশুচি খাবার খাওয়া বা অশোভন আচরণ করা ব্রতকে ব্যর্থ করে দেয়। তাই ব্রত নেওয়ার আগে প্রতিজ্ঞা ভঙ্গ না করার শপথ নেওয়া প্রয়োজন।