West Bengal Weather: শহরে ‘মেঘভাঙা’ বৃষ্টি, ডুবে গেল রাজপথ! মঙ্গলের শুরু চরম ভোগান্তি নিয়ে – Bengali News | West Bengal and Kolkata Weather Report for 23 September, Heavy Rain Causes Waterlogged Situation
জলমগ্ন কলকাতার বিভিন্ন এলাকাImage Credit: TV9 Bangla
সায়ন্ত ভট্টাচার্য এবং কমলেশ চৌধুরীর রিপোর্ট
কলকাতা: তুমুল বৃষ্টি আর তার মধ্যে গোদের উপর বিষফোঁড়া তীব্র যানজট। মঙ্গলের সকালটা কলকাতাবাসীর জন্য শুরু হল ঠিক এই ভাবেই। রাতভর বৃষ্টির জেরে জলমগ্ন গোটা শহর। থৈ থৈ অবস্থা কলকাতার অন্যতম সড়কগুলিতেও। সোমবার রাত থেকেই শহর তথা দক্ষিণবঙ্গের আকাশে পাক খেতে শুরু করে কালো মেঘ। রাত যত গভীর রয়েছে ততই বেড়েছে বৃষ্টির পরিমাণ। যা মঙ্গলবার ভোর হতে পৌঁছেছে চরমে।
আলিপুর আবহাওয়া দফতর বলছে, দক্ষিণবঙ্গ জুড়ে জারি হয়েছে লাল সতর্কতা। গত তিন ঘণ্টায় কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গের একাধিক জেলায় দেখা গিয়েছে মেঘভাঙা বৃষ্টিপাত। সঙ্গী হয়েছে প্রবল বজ্রবিদুৎ। তার সঙ্গে আবার ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বয়েছে দমকা হাওয়াও। শহরেরই সাত এলাকায় দেখা গিয়েছে প্রবল বৃষ্টিপাত। গত ১ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ১০০ মিলিমিটারেরও বেশি। কয়েকটি জায়গায় তা আবার তিন ঘণ্টায় ছাড়িয়ে গিয়েছে ২০০ মিলিমিটারের গণ্ডিও। সব মিলিয়ে মঙ্গলের সকাল যে মোটেই সুখকর ছিল না, তা নিয়ে কোনও সন্দেহই নেই।
জলমগ্ন রাস্তা
হাওয়া অফিস তরফে আরও জানা গিয়েছে, এদিনের বৃষ্টির মূল প্রভাব পড়েছিল দক্ষিণ ২৪ পরগনা ও সেই সংলগ্ন জেলায়। প্রভাব পড়েছিল হাওড়া, হুগলিতেও। এছাড়াও দুই মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া সহ দক্ষিণবঙ্গের আর জেলাগুলিতে জারি হয়েছে হলদু সতর্কতা।
কত বৃষ্টি হল কলকাতায়?
সোমবার রাত ১২টা থেকে মঙ্গলবার ভোর ৪টে পর্যন্ত নিকাশি পাম্পিং স্টেশন ভিত্তিক বৃষ্টিপাতের পরিমাণ অনুযায়ী, মানিকতলায় বৃষ্টি হয়েছে ১৪৭ মিমি, সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে কামডহরি এলাকায়। সেখানে বৃষ্টির পরিমাণ ২৪৫ মিমি। এছাড়াও, তপসিয়া, বালিগঞ্জ বৃষ্টির পরিমাণ ২৪০ মিমির অধিক। ভেসেছে উল্টোডাঙা, কাঁকুড়গাছি সংলগ্ন এলাকাও।
