Amit Shah: দক্ষিণ কলকাতাতেও পুজো উদ্বোধন করবেন শাহ, সিলমোহর পড়ল জল্পনায় – Bengali News | Union home minister amit shah is coming to kolkata to inaugurate 3 durga puja pandals
কলকাতা: দুটো নয়। কলকাতায় তিনটে দুর্গাপুজোর উদ্বোধন করতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কয়েকদিন ধরেই এই নিয়ে জল্পনা চলছিল। অবশেষে তাতেই সিলমোহর পড়ল। সন্তোষ মিত্র স্কোয়ার ও ইজেডসিসি-তে ছাড়াও দক্ষিণ কলকাতায় একটি পুজোমণ্ডপের উদ্বোধন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। চতুর্থীতে এই পুজো উদ্বোধনের জন্য আগের দিন রাতেই কলকাতায় পা রাখবেন শাহ।
জানা গিয়েছে, ২৫ সেপ্টেম্বর রাতে মুম্বই থেকে কলকাতা বিমানবন্দরে আসবেন শাহ। রাত এগারোটা নাগাদ কলকাতা বিমানবন্দরে পৌঁছনোর কথা তাঁর। সেখান থেকে একটি হোটেলে পৌঁছবেন। সেখানে রাতে থাকবেন। পরদিন অর্থাৎ চতুর্থীতে তিনটে পুজো মণ্ডপের উদ্বোধন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
২৬ সেপ্টেম্বর প্রথমে দক্ষিণ কলকাতায় ৫৬ লেক অ্যাভিনিউয়ে সেবক সঙ্ঘের পুজো মণ্ডপের উদ্বোধন করবেন শাহ। সেখান থেকে তিনি পৌঁছবেন সন্তোষ মিত্র স্কোয়ারে। এই পুজোর অন্যতম উদ্যোক্তা বিজেপি কাউন্সিলর সজল ঘোষ। এর আগেও সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো উদ্বোধনে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। দুপুর ১২টা নাগাদ সন্তোষ মিত্র স্কোয়ারে পৌঁছবেন শাহ। সাড়ে ১২টা পর্যন্ত সেখানে থাকবেন।
সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো মণ্ডপ উদ্বোধনের পর হোটেলে ফিরে আসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। হোটেলে মধ্যাহ্নভোজের পর তিনটে নাগাদ ইজেডসিসি-তে পৌঁছবেন তিনি। রাজ্য বিজেপির তরফে সেখানে দুর্গাপুজোর আয়োজন করা হয়েছে। রাজ্য বিজেপির পুজোর উদ্বোধন করবেন শাহ। আধঘণ্টার মতো সেখানে থাকবেন। তারপর সেখান থেকেই কলকাতা বিমানবন্দর পৌঁছবেন শাহ। রাজ্যে তাঁর এই তিনটে পুজোর উদ্বোধনের মধ্যে দক্ষিণ কলকাতায় পুজো উদ্বোধন নিয়েই জোর আলোচনা শুরু হয়েছে। দক্ষিণ কলকাতাতে বিজেপির ভিত ক্রমশ শক্ত হচ্ছে কি না, তা নিয়ে জল্পনা বেড়েছে।