ভয়ঙ্কর বৃষ্টিতে কিছু শুটিং বাতিল, নাজেহাল অবস্থা টলিপাড়ার – Bengali News | Some shootings in Tollywood were canceled due to the rain
ভয়ঙ্কর বৃষ্টিতে ভাসল শহর। ২৩ সেপ্টেম্বর সকালে কিছু শুটিং বাতিল করতে হয়েছে। আবার যেসব ধারাবাহিকের শুটিং থাকে একেবারে ভোর থেকে, সেরকম কিছু শুটিং শুরু করা গিয়েছে। শহরে জি ফাইভ প্ল্যাটফর্মের জন্য একটা ওয়েব সিরিজের শুটিং চলছিল। প্রযোজক নীতেশ শর্মা TV9 বাংলাকে জানালেন, ”বেলগাছিয়াতে আজকে ওয়েব সিরিজের শুটিং ছিল। কিন্তু ওদিকে রাস্তায় এত জল যে শেষ অবধি পরিস্থিতি দেখে শুটিং বাতিল করতে হয়েছে। বাংলা ধারাবাহিকের শুটিংয়ে অনেকে পৌঁছে গিয়েছেন। তাঁদের নিয়ে শুটিং শুরু করার চেষ্টা করছি আমরা। তবে কতক্ষণে শুটিং শুরু করতে পারব, বুঝতে পারছি না।”
টলিউডের একটা স্টুডিয়ো, যেখানে ছবির পোস্ট-প্রোডাকশনের কাজ হয়, সেখানে জল ঢুকে গিয়েছে। তবে টলিপাড়ায় বাংলা ধারাবাহিকের শুটিং হয় যেসব স্টুডিয়োতে, তার মধ্যে কিছু জায়গায় শুটিং শুরু করা গিয়েছে। এসভিএফ প্রযোজিত ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকের শুটিং চলছে সকাল থেকে। প্রযোজনা সংস্থার তরফে অদিতি রায় জানালেন, ”আমরা একটা ধারাবাহিকের শুটিং শুরু করতে পেরেছি। অন্য ধারাবাহিকগুলোর শুটিং কখন শুরু করতে পারব, সেটা নিয়ে আলোচনা চলছে। যেহেতু সামনে দুর্গাপুজোর জন্য শুটিং বন্ধ থাকবে, তাই এই সময়ে কিছু এপিসোড তৈরি করে রাখার দায়িত্ব থাকে। তাই এখন শুটিং চালিয়ে যাওয়ার চেষ্টা করব আমরা।”
সকাল ১১টা নাগাদ পাঁচটি ধারাবাহিকের শুটিংয়ে খোঁজ নিয়ে জানা গেল, পরিস্থিতি ক্রমাগত জটিল হচ্ছে। অনেকেই এসে পৌঁছাতে পারেননি শুটিংয়ে, তাই কখন শুটিং শুরু হবে বোঝা যাচ্ছে না। টলিপাড়ার হাতে আর পাঁচদিন সময় রয়েছে। তারপর দুর্গাপুজোর ছুটি। তাই কাল থেকে যে কোনওভাবে বাংলা ধারাবাহিকের শুটিং করার চেষ্টায় টলিপাড়া।
ঠিক ৪৮ ঘণ্টা পর দুর্গাপুজোর ছবির মুক্তি। তার প্রচার সংক্রান্ত কাজেও আজ দিনভর ব্যস্ত থাকার কথা বাংলা ছবির তাবড় তারকাদের। কোন-কোন প্রচার বাতিল হবে আর কোন প্রচার যথাসময়ে হবে, তা নিয়ে আলোচনা সেরে নিচ্ছেন বিভিন্ন টিম।