China K Visa: আমেরিকাকে ভুলে যান! বিশ্বের মেধাবীদের টানতে চিনের নতুন অস্ত্র K Visa, কবে থেকে মিলবে সুযোগ? – Bengali News | As USA Tightens H 1B Visa Rules, China Introduces K Visa to Pull Global Talents, Starts from 1 October, know who can Apply
চিনের প্রেসিডেন্ট শি জিনপিং।Image Credit: PTI
বেজিং: একেই বলে ওস্তাদের মার শেষ রাতে! আমেরিকা যেখানে এইচ-১বি ভিসায় কড়াকড়ি করছে, ১ লক্ষ মার্কিন ডলার চাইছে ভিসার জন্য, সেখানেই পাল্টা চাল চিনের। আমেরিকায় যে বিপুল সংখ্যক দক্ষ ও প্রতিভাবান বিদেশি কর্মী রয়েছে, তাদের নিজেদের দেশে আনতে নতুন ভিসা চালুর ঘোষণা করল চিন। কী এই ভিসা, কাদের জন্য, কী কী সুবিধা পাওয়া যাবে, জেনে নিন-
চিন আনতে চলেছে কে ভিসা (K visa)। এই ভিসা মূলত বিজ্ঞান, প্রযুক্তি, ইঞ্জিনিয়ারিং, অঙ্কের মতো ক্ষেত্রে কর্মরত বা গবেষণারত যুবদের জন্যই আনা হয়েছে, যাতে তারা চিনে পড়তে এবং কাজ করতে আসেন। চিনা প্রশাসন জানিয়েছে, গত অগস্ট মাসেই এই নতুন ভিসা আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আগামী ১ অক্টোবর থেকে নতুন ভিসা চালু হবে।
কারা আবেদন করতে পারবেন?
কে ভিসাকে আমেরিকার এইচ-১বি ভিসার চিন ভার্সনই বলা হচ্ছে। আমেরিকাতে যেমন এইচ-১বি নিয়ে প্রতি বছর হাজার হাজার মানুষ পড়াশোনা বা চাকরি করতে যান, চিনের কে-ভিসাতেও একই সুবিধা মিলবে। চিনের আইন মন্ত্রকের তথ্য অনুযায়ী, বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রের সঙ্গে যুক্ত যুবক-যুবতীরা, যারা চিন বা বিদেশের কোনও নামকরা বিশ্ববিদ্যালয় বা রিসার্চ ইন্সটিটিউশন থেকে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন, তারা কে-ভিসার জন্য আবেদন করতে পারবেন। যারা শিক্ষকতা বা গবেষণার সঙ্গে যুক্ত, তারাও আবেদন করতে পারবেন।
কে ভিসার সুবিধা-
চিনে বর্তমানে ১২ ধরনের ভিসা রয়েছে। তার থেকে বেশ কিছুটা আলাদা হতে চলেছে কে ভিসা। এই ভিসায় একাধিকবার দেশে প্রবেশের সুবিধা, দীর্ঘ মেয়াদ এবং পরবর্তী সময়ে ভিসার মেয়াদ বাড়ানোর মতো সুবিধা পাওয়া যাবে। এইচ-১বি বা অন্য দেশের ওয়ার্ক ভিসার মতো কে ভিসায় যে সংস্থায় কাজ করছেন, তার আবেদনের প্রয়োজন পড়বে না।
কে ভিসায় চিনে আসা ব্যক্তিরা অ্যাকাডেমিক এক্সচেঞ্জ, কালচার এক্সচেঞ্জে অংশ নিতে পারবেন। ব্যবসা বা নিজের উদ্যোগে কোনও কাজ শুরু করতে পারবেন বিনা বাধায়।
চিনের এই সিদ্ধান্তে বিশ্বের জন্য তাদের দরজা আরও প্রশস্ত হল। বিগত কয়েক বছর ধরেই চিন ভিসা ফ্রি এন্ট্রির মতো সুবিধা দিচ্ছে। ৫৫টি দেশ ২৪০ ঘণ্টার ভিসা ফ্রি ট্রানজিটের সুবিধা পায়।